বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন চিত্রনায়িকা পূজা চেরি। অবশেষে সেটা পেয়েও গেলেন। রবিবার (২ অক্টোবর) দুপুরে ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছেন নায়িকা।
নিজের এবং মায়ের যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির ছবি পোস্ট করে ক্যাপশনে পূজা লেখেন, ‘অবশেষে আমরা এটা পেয়েই গেলাম।’ সঙ্গে জুড়ে দেন হাতজোড় ইমোজি।
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে পূজা চেরির প্রেমের সম্পর্ক আছে বলে ফিল্মপাড়ায় জোর গুঞ্জন চলছে অনেক দিন ধরে। বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি এ নায়িকা।
কিছুদিন আগে শাকিব খান ও নায়িকা শবনম বুবলী তাদের বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করে দেশজুড়ে আলোচনার ঝড় তোলেন। সেসময় এটাও চাউর হয় যে, পূজা চেরিকে কেন্দ্র করে শাকিব ও বুবলীর মধ্যে ঝামেলা চলছে।
এসব গুঞ্জনের মধ্যেই এবার শাকিব খান ও পূজা চেরিকে আমেরিকায় একসঙ্গে দেখা যাবে। ভিসার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন পূজা। অবশেষে রোববার (২ অক্টোবর) আমেরিকার যাওয়ার ভিসা হাতে পেলেন।
জানা গেছে, চলতি মাসেই আমেরিকায় উড়াল দেবেন শাকিব-পূজা। তবে একই ফ্লাইটে যাচ্ছেন কি না, তা এখনই নিশ্চিত করে জানা যায়নি।
আমেরিকায় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেবেন শাকিব-পূজা। আগামী ১৬ অক্টোবর, রোববার কুইন্সের আমাজুরা কনসার্ট হলে এটি অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এ ছাড়াও যুক্তরাষ্ট্রে পূজা চেরি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমার শুটিং করবেন। শাকিব খানের ‘মায়া’ সিনেমার নায়িকা পূজা। সবকিছু ঠিক থাকলে আমেরিকায় খুব শিগগিরই এই সিনেমার শুটিং শুরু করবেন তারা।
