নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী তাদের সন্তান থাকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাছাকাছি সময়ে দুজনেই ফেসবুক পোস্টের মাধ্যমে শেহজাদ খান বীর নামের পুত্র সন্তানের ঘোষণা দিয়েছেন।
এবার জানা গেল, সন্তানের খবর প্রকাশের পর একসঙ্গে লিডার-আমিই বাংলাদেশ সিনেমার শুটিংয়ে ফিরছেন ঢাকাই সিনেমার সফল এই জুটি। আগামীকাল শনিবার থেকে তারা শুটিং শুরু করবেন।
শুক্রবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক তপু খান। তিনি বলেন, ‘আমাদের সিনেমার শুধু একটি গানের শুটিং বাকি আছে। প্রস্তুতি সব শেষ হয়েছে।
‘আগামীকাল থেকে তারা শুটিং করবেন। শুক্রবার বিকালে গিয়ে ভাইয়ার (শাকিব খান) লুক সেট করব।’
বৃহস্পতিবারই গানটির জন্য বুবলীর পোশাক ঠিক করা হয়েছে বলেও জানান পরিচালক।
দেলোয়ার হোসেন দিলের গল্পে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান।
২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল লিডার-আমিই বাংলাদেশ সিনেমার শুটিং। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল। শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়ে গিয়েছিল বলে জানান পরিচালক তপু।
তিনি বলেন, ‘পরবর্তী সময়ে লকডাউনসহ নানা রকম কারণে গানটির শুটিং করা হয়নি। গানটি শেষ করেই মুক্তির প্রস্তুতি নেয়া হবে।’
