আমাদের বেঁচে থাকাটাই এখন লজ্জার: আসিফ

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির আয়োজন ‘ফোক স্টেশন’-এর গানগুলোর স্বত্ব নিয়ে প্রতারণার মামলায় গ্রেফতার করা হয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক জাকের খান মজলিশকে (জে কে মজলিশ)। তার হাতকড়া পরানো একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, গ্রেফতারের পরপর আদালতে জে কে মজলিশের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অন্যদিকে জে কে মজলিশের জামিনের আবেদন করেন আইনজীবী।

পরে আদালত জামিন আবেদন নাকচ করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দেন।

এর আগে ২৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এলাকার ৬ নম্বর রোডের একটি বাসা থেকে জে কে মজলিশকে গ্রেফতার করা হয়।

জে কে মজলিশকে হাতকড়া পরিয়ে, দড়ি বেঁধে নিয়ে যাওয়ার একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।তবে ছবিটি গ্রেফতারের সময়ের নাকি আদালতে তোলার, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এই ছবিটি পোস্ট করে শিল্পীর সঙ্গে এমন আচরণ মানতে পারছেন না শোবিজের মানুষরা। তারা স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি বিষয়টি মিমাংসা না করায় বিভিন্ন সংগঠনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।

মঙ্গলবার রাতে জনপ্রিয় গায়ক আসিফ আকবর দুইটি ছবি (একটি নিজের ও একটি জেকে মজলিশের) শেয়ার করে লিখেছেন, ‘আজব দেশের অসভ্যতা, অপরাধ প্রমানের আগেই আমরা অপরাধী। মেধাবী সঙ্গীত পরিচালক জেকে মজলিশের হাতে হাতকড়া। এই দূঃসহ যন্ত্রনার প্রথম শিকার আমি। আমি বাংলায় গান গাই, আমি বাংলাদেশের ছেলে। আমরা বাংলাদেশকে ভালবাসি, আমরা বাংলা সঙ্গীতকে ভালবাসি। নপুংসক ইন্ডাষ্ট্রীর দূর্ভাগা কর্মী আমরা। সঙ্গীতে এগুলো কেবল শুরু মাত্র, মহামারী আকার ধারন করবে দ্রুতই।

তথাকথিত ডিজিটাল দেশের ডিজিটাল কালাকানুনের অদৃশ্য অপব্যবহারে আমাদের বেঁচে থাকাটাই এখন লজ্জার। তবুও আমরা বাংলায় গান গাই, বাংলাদেশকে ভালবাসি। ক্ষমা করবেন জেকে মজলিশ ভাই। ভালবাসা অবিরাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *