আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পুনরায় চালু হতে যাচ্ছে। আগামী ১৫ অক্টোবর থেকে কেনাকাটা করা যাবে ইভ্যালিতে। এখন গ্রাহকদের মনে একটিই প্রশ্ন, কবে নাগাদ তাদের পাওনা টাকা পরিশোধ করবে ইভ্যালি। একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জবাবে ইভ্যালি জানিয়েছে, সর্বোচ্চ ১৮ মাসের মধ্যেই সব দেনা পরিশোধ করবে তারা।
বিকাশ, রকেটসহ সকল মোবাইল ব্যাংকিংয়ের টাকা ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিফান্ড করা হবে। তবে নগদ গেটওয়ের রিফান্ড পেতে সময় লাগবে। এ সময়টি হতে পারে ১৫ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত।
যাদের অর্ডার ৩০ জানুয়ারি ২০২১ এর আগে তাদের টাকা রিফান্ড হতে সময় লাগবে এখন থেকে আরও ১২ মাস। আর যাদের অর্ডার ৩০ জানুয়ারি ২০২১ থেকে ৬ জুন ২০২১, তাদের টাকা রিফান্ড হতে সময় লাগবে এখন থেকে আরও ১৮ মাস।
যাদের রিফান্ডের চেক দেওয়া আছে ইভ্যালি সেসব চেক ফেরত নেবে। চেকের সময় ৬ মাস পেরিয়ে গেছে এমন চেকের বিপরীত ব্যাংক টাকা দেয় না। ই-ভ্যালি বলছে, সর্বোচ্চ ১৮ মাসের মধ্যে তারা এসব দেনা পরিশোধ করবে।
জুন ২০২১ থেকে যে টাকা এসক্রোতে আটকে আছে সেগুলো আগামী ১ নভেম্বরের মধ্যে রিফান্ড করা হবে। এসএসএল কর্মাসের ব্যাংক ডিপোজিটের টাকা ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে রিফান্ড করে দেওয়া হবে।
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল কারাগারে আছেন। ১ বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে।
আদালত গঠিত ইভ্যালির পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেছেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্য। এরইমধ্যে ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন আদালত গঠিত পরিচালনা পর্ষদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।
এদিকে ইভ্যালির ভেরিফাইড ফেসবুক ভেরিফাইড পেজ থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটি বর্তমানে দুই পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করবে। প্রথম তাদের বিজনেস মডেল হবে COD (Cash On Delivery), অর্থাৎ পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ এবং PnP (Pick And Pay), পণ্য পিকাপ পয়েন্ট থেকে সংগ্রহ করে মূল্য পরিশোধ।
ইভ্যালি তাদের ভেরিফাইড এক ফেসবুক পোস্টে বলছে, ইভ্যালি গ্রাহকদের নিরাপদ এবং আকর্ষণীয় কেনাকাটার অংশ হিসেবে নতুন সার্ভিস হিসেবে যুক্ত হয়েছে পিক এন্ড পে। একজন গ্রাহক ইভ্যালির পিক এন্ড পে সার্ভিসের মাধ্যমে আকর্ষণীয় মূল্যে ইভ্যালির ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করে সরাসরি ব্র্যান্ড শপ অথবা দোকান থেকে পণ্য সংগ্রহ করে সেলারকেই পেমেন্ট করে দিবে। এতে করে সেলার এবং কাস্টমারদের মধ্যে বিশ্বাস স্থাপন এর পাশাপাশি সেলারদের ব্যাপক পরিচিতি এবং বিক্রি বাড়বে। এবং গ্রাহকও সম্পূর্ণ নিরাপদ কেনাকাটা করতে পারবে। পিক এন্ড পে সার্ভিসে সেলারদের পণ্যের স্টক শোরুমে অথবা সেলারের ওয়্যারহাউসে পৃথকভাবে সংরক্ষন করবে।
পিক এন্ড পে সার্ভিস মডেলঃ
১। কাস্টমারগণ ইভ্যালির ওয়েবসাইটে পিক এন্ড পে সার্ভিস থেকে পণ্য অর্ডার করবে।
২। অর্ডারকৃত পণ্য সেলারের ব্র্যান্ড শপ অথবা দোকানের ঠিকানা অনুযায়ী স্থান থেকে পণ্য সংগ্রহ করতে হবে।
৩। অর্ডার কনফার্ম হওয়ার ৭ দিনের মধ্যে গ্রাহককে প্রোডাক্ট সংগ্রহ করতে হবে।
৪। শপে সরাসরি পণ্য দেখে পণ্যের গুণগত মান পছন্দ না হলে, গ্রাহক সেই অর্ডার বাতিল করতে পারবেন।
৫। পণ্য হাতে পাওয়ার পর গ্রাহকের অর্ডার প্যানেল থেকে ‘রিসিভ’ বাটন প্রেস করতে হবে।
৬। পণ্য সংগ্রহের পর মূল্য পরিশোধ করে অর্ডার প্যানেল থেকে ডেলিভারড মার্ক করতে হবে।
৭। অর্ডার প্যানেল থেকে রিসিভ বাটন প্রেস করার পর ২৪ ঘণ্টার মধ্যে অটোমেটেড ডেলিভারড দেখাবে।
৮। সেলার অর্ডার কনফার্ম করার পর গ্রাহক অর্ডার বাতিল করতে পারবে না।
