সবকিছু সুন্দর, শালীনভাবেই হয়েছে: নায়িকা বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন অনেক দিনের। মাঝে প্রায় এক বছর তিনি দেশের বাইরে, একেবারে আড়ালে ছিলেন। তখনই গুঞ্জনটি মাথাচাড়া দিয়ে ওঠে। যদিও দেশে ফিরে রহস্য খোলাসা করেননি বুবলী।

এদিকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিনজুড়ে সোশ্যাল হ্যান্ডেলে বইছিলো শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন ঘিরে তারকা বাবা-মায়ের শুভেচ্ছাবার্তা।

সেই রেশ ধরে একই দিন বিকালে নিজের ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন শাকিব খানের আরেক নায়িকা শবনম বুবলী। যেখানে তাকে অন্তঃসত্ত্বা রূপে দেখা গেছে!

মুহূর্তেই জয়ের জন্মদিন ছাপিয়ে বুবলীর এই পোস্ট ভাইরাল হয়ে যায়। প্রশ্ন উঠেছে, তার মা হওয়ার গুঞ্জন কি তাহলে সত্যি? নেট দুনিয়া যখন এই বিষয়ে তোলপাড়, তখন ‘চাদর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত বুবলী।

স্ট্যাটাসটি দেয়ার পরপরই বুবলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন না ধরলেও সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।

শুটিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি কখনই আমার ব্যক্তিগত বিষয় সামনে আনতে চাই না। আপনারা অনেকবার অনেককিছু জানতে চেয়ছেন, কিন্তু আমি বরাবরই বলেছি যে, আমি আমার প্রফেশনাল লাইফটা নিয়ে ফোকাসে থাকতে চাই।’

স্ট্যাটাস ও ছবি নিয়ে বুবলী বলেন, ‘ডেফিনেটলি কিছু ব্যাপার তো আছেই। আমি এর আগেও বলেছি যে এগুলো নিয়ে পরে কথা বলব। কোনো ঘটনার পেছনে আরও অনেক ঘটনা থাকে।’

কয়েকদিনের মধ্যেই সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান তিনি এবং ঘটনাটিকে সেনসেটিভ ও ইমোশনাল ইস্যু বলে জানান বুবলী।

তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সবকিছু সুন্দর, শালীনভাবেই হয়েছে।’

মঙ্গলবার দুপরে দেয়া পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার জীবনের সঙ্গে আমি’। এর নিচে হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন ‘থ্রোব্যাক আমেরিকা’। এই ‘থ্রোব্যাক আমেরিকা’ শব্দ দুটির কারণে ধারণা করা হচ্ছে, ২০২০ সালে বুবলী যখন আমেরিকাতে ছিলেন, ছবিদুটি সেই সময়ের।

বুবলীর মা হওয়ার গুঞ্জন উঠেছিল ২০২০ সালে। বুবলী যখন শাকিব খান প্রযোজিত ও কাজী হায়াৎ পরিচালিত বীর সিনেমায় অভিনয় তখন তার মা হওয়ার গুঞ্জন ওঠে।

সিনেমাটির শুটিং শেষ করেই বুবলী পারি জমান আমেরিকা। করোনা মহামারির সময় যখন দেশে লকডাউন চলছিল, তখন তিনি আমেরিকাতে ছিলেন। গুঞ্জন আছে, আমেরিকাতে সন্তান প্রসব করেছেন এ অভিনেত্রী। সন্তানের বাবার পরিচয় হিসেবে শাকিব খানের নাম শোনা গিয়েছিল সেসময়।

তবে পরবর্তীতে দেশে ফিরে এসবকে গুঞ্জন বলেই জানিয়েছেন বুবলী। নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনটিও স্বীকার করেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *