Home বিনোদন বিয়ে করেই খেলতে দৌড় দিলেন শরিফুল রাজ!

বিয়ে করেই খেলতে দৌড় দিলেন শরিফুল রাজ!

0
107

আগামী ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা ‘দামাল’। এটি নির্মাণ করেছেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী।

সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে এই সিনেমার গান ‘ঘুরঘুর পোকা’। গানটির ‍দৃশ্যে দেখা যায় বিয়ের মঞ্চে ‘আলহামদুলিল্লাহ কবুল’ বলেই ফুটবল খেলতে মাঠে দৌড় দেন সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ। খেলা শেষে রাতে যখন তিনি ফিরলেন, নববধূ বিদ্যা সিনহা মিম তার বাসরঘরের দরজা বন্ধ করে দিয়েছেন!

অডিওর সঙ্গে গানটির ভিডিওর এমন কাহিনিতে মজেছেন দর্শক। গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ। কথা লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সংগীতায়োজনে ছিলেন আরাফাত মহসীন। প্রকাশ করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম।

‘ঘুরঘুর পোকা’র ব্যতিক্রম ধাঁচের কথা-সুর-মিউজিক এবং উপভোগ্য চিত্রায়ন মনে ধরছে শ্রোতা-দর্শকের। অন্তর্জালে চোখ রাখলে দেখা যায়, অনেকেই গানটির প্রশংসা করছেন।

গানটি প্রকাশের পর শরিফুল রাজ জানান, ‘প্রচুর সাড়া পাচ্ছি দর্শক-শ্রোতাদের কাছ থেকে। দর্শক গানের মতো সিনেমাটিও পছন্দ করবে বলে বিশ্বাস।’

উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাস নিয়ে ‘দামাল’ নির্মাণ করেছেন সময়ের সফল নির্মাতা রায়হান রাফী। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, নাসির উদ্দিন খান, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, সুমিত সেনগুপ্ত, সাঈদ বাবু রাশেদ মামুন অপু প্রমুখ।

গানটির ভিডিও দেখুন এখানে: 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here