গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
তিনি বলেন, ‘আজ সবচেয়ে বেশি মনে পড়ছে আন্টির কথা (অপুর মা)। আজ বেঁচে থাকলে তিনি এই অনুষ্ঠানে আসতেন। তাঁর মেয়ের এই সফলতা দেখে খুব খুশি হতেন তিনি।’
নিপুণ আরও বলেন, ‘আমার প্রথম সিনেমাতে অপুও অভিনয় করেছিলেন। আন্টি শুটিংয়ে সব সময় আমাদের সঙ্গে থাকতেন। যেহেতু আমার নাম নিপুণ, সেটে সবাই বলতেন অপু ও নিপুণ দুই বোন। আন্টিও সবাইকে বলতেন, “অপু ও নিপুণ—আমার দুই মেয়ে।” যাহোক, আন্টিও নিশ্চয়ই কোনো অজানা থেকে তাঁর মেয়ের জন্য এই দিনে আশীর্বাদ করছেন। অপুর এই প্রথম পথচলা সফল হোক, সেই কামনা করি আমরা।’
নিপুণ যখন বক্তব্য দিচ্ছিলেন, পাশেই বসেছিলেন অপু বিশ্বাস। নিপুণের কথায় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অপু। একপর্যায়ে কেঁদেও ফেলেন। সে সময় বারবার চোখ মুছতে দেখা গেছে অপু বিশ্বাসকে।
এদিকে মহরত শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস বলেন, আমার নাম অপু বিশ্বাস, আপুর নাম নিপুণ আক্তার। তবে শর্ট করে আমাকে অপু আর আপুকে নিপু বলে ডাকে। এছাড়া আমি আর আপু দেখতে প্রায় একই রকম। ‘পিতার আসন’ সিনেমায় একটা গানের দৃশ্যে আমাদের শাড়ি পরতে হবে। মা আমাদের শাড়ি পরতে সাহায্য করে। সে সময় কয়েকজন আমার মাকে বলছিলেন, আপনার দুইটা মেয়েই অনেক সুন্দর। আপনি কত ভাগ্যবান একজন মা, দুই মেয়েকেই নায়িকা বানিয়েছেন। দুজনেই খুব সুন্দরভাবে কাজ করছে। তখন মা বললেন, সবাই যখন বলল তোরা আমার মেয়ে, তাহলে অবশ্যই তোরা দুজনই আমার মেয়ে।
ঢালিউড কুইন আরও বলেন, আপনারা (সাংবাদিক) হয়তো বিষয়টা স্কিপ করে গেছেন, আপু (নিপুণ) যখন মা’র কথা বলছিলেন, তখন তার চোখ অনেকটা ছলছল করছিলো। নিপুণ আপু আর আমি মনে করি, আমার মা আমাদের দুজনকে বোন বানিয়ে গেছেন এবং আমরা আসলেই বোন।
