রাগের মাথায় স্ট্যাটাস দিয়ে ভুল করেছি: সালওয়া

ক’দিন আগে সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়ার। অভিষেক হওয়ার কয়েক দিন পরই কিনা বিপত্তি ঘটল।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ করেই ফেসবুকে সিলেটের সাবেক এক সংসদ সদস্যের পুত্র ‘প্রাণনাশের হুমকি’ দিচ্ছেন বলে অভিযোগ তোলেন সালওয়া। অভিযোগের কিছুক্ষণ পরই অবশ্যই সরিয়ে ফেলেন সেই পোস্টটি। জানান, ব্যক্তিগত সম্পর্কের মনোমালিন্য থেকে হাসিবকে নিয়ে ওই স্ট্যাটাস দিয়েছিলেন, পরে উপলব্ধি করতে পেরে মুছে ফেলেন পোস্ট।

সালওয়া বৃহস্পতিবার দুপুরে এক জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে বলেন, ‘হ্যাঁ, গত রাতে আমি একজন সাবেক সংসদ সদস্যের ছেলেকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম। পরে সেটি মুছে ফেলেছি। কারণ তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। দুই দিন ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে আমি রেগে গিয়ে স্ট্যাটাস দিই। পরে বুঝতে পারি ওটা আমার ভুল হয়েছে। এরপর আমি মুছে দিই। ’

সালওয়া বলেন, ‘আমার যে ভুল হয়েছে, সেটা পরে স্ট্যাটাস দিয়ে জানিয়েছি। কিন্তু এর আগে রাগের মাথায় যা যা বলেছিলাম সেসব গণমাধ্যমে খবর হয়ে গেছে। এ কারণে এখন আমার অনুতাপ লাগছে। আসলে সম্পর্কের মাঝে রাগারাগি করে অনেকেই অনেক কথা বলে। তাই বলে সত্যি সত্যি কেউ আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে এটা সঠিক নয়।’

ফেসবুকে ক্ষমা চেয়ে সালওয়া লিখেছেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির যেকোনো চাকচিক্য থেকে আমার কাছে পারিবারিক বন্ধন ও মূল্যবোধের মর্যাদা অনেক বেশি একজন সিলেটি রক্ষণশীল পরিবারের মেয়ে হিসেবে। সিলেট বিভাগের কুলাউড়া উপজেলার (জুড়ী-কমলগঞ্জ একাংশ) জনগণের ভোটে সর্বাধিকবার নির্বাচিত এমপি নবাব আলী আব্বাস খান আমাকে তার নিজ কন্যার মতো স্নেহ করেন। যার রাজনৈতিক ক্যারিয়ারে কোনো দুর্নীতির তকমা নেই। তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। ’

সালওয়া ওই পোস্টে বলেন, ‘তার পুত্র নবাব আলী হাসিব খানের সঙ্গে তৃতীয় ব্যক্তির ইন্ধনে আমাদের সম্পর্কের অবনতি ঘটে। আমাদের পরিবার চায়নি পবিত্র হজ পালনের পর আমি পুনরায় চলচ্চিত্রে কাজ করি। এ থেকে আমাদের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে সব কিছুর পরে আমার একান্ত উপলব্ধি আমাদের জীবনে সব কিছুর ঊর্ধ্বে পারিবারিক বন্ধন ও ভালোবাসা। ক্ষণস্থায়ী কোনো কিছুর জন্য নিজের পারিবারিক শান্তি বিনষ্ট করার কোনো মানে হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *