কৃষ্ণা-সানজিদাকে যা বললেন জয়া আহসান

প্রথমবারের মতো ‘নারী সাফ চ্যাম্পিয়নশিপ’ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সোমবার (১৯ সেপ্টেস্বর) সন্ধ্যায় নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের স্বপ্ন ভঙ্গ করে অনন্য, ঐতিহাসিক এই বিজয় ছিনিয়ে আনে বাংলার বাঘিনীরা। বুধবার দুপুরে স্বপ্নের ট্রফিটি নিয়ে দেশে ফিরেছেন নারীরা।

বাংলাদেশের মেয়েদের এই ইতিহাস রচনায় দেশের সর্বাত্মক শ্রেণির মানুষের পাশাপাশি তারকারাও উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রবেশ করলেই তারকাদের ওয়ালে তার নমুনা দেখা যায়।

দেশের এই অর্জনের আনন্দ-উল্লাসের অনুভূতি ভাগ করে নেয়ার জন্য বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক আমন্ত্রণে বেসরকারি একটি টেলিভিশনের কার্যালয়ে হাজির হন নারী দলের কোচ গোলাম রাব্বানি ছোটন এবং দলের পক্ষে ফুটবলার কৃষ্ণা ও সানজিদা।

এদিন একই কার্যালয়ে অতিথি হয়ে আসেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ সময় ফুটবলার কৃষ্ণা-সানজিদার সঙ্গে কথা হয় অভিনেত্রী জয়া আহসানের।

জয়া আহসান বলেন, “আমাদের সবার জন্য বিশাল অর্জন এটা।” আর ছাদখোলা বাসে ফুটবল দলকে রাজকীয় সংবর্ধনার বিষয়ে অভিনেত্রী বলেন, “ওরা হয়তো ছোট এখনো বুঝে উঠতে পারছে না কত বড় কাজ করেছে দেশের জন্য। ওরা কতটুকু বুঝতে পারছে আমি জানি না, তবে মানুষের প্রতিক্রিয়া নিশ্চয়ই বুঝতে পারবে।”

ফুটবল খেলা কেন্দ্রিক কোনো চরিত্রে সিনেমা করার ইচ্ছা রয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে নায়িকা জয়া বলেন, “আমার ধারণা এমন সিনেমা তো হবেই। আমাদেরও পরিকল্পনা ছিল। তবে এখন সেটা নিশ্চয়ই আরও তাড়াতাড়ি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *