রন্ধনশিল্পীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সেরা রাঁধুনী’র গত দুই আসরে বিচারক ছিলেন তারকা অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার বিচারক হিসেবে হ্যাট্রিক হচ্ছে তার।
জানা গেছে, শিগগিরই শুরু হচ্ছে সেরা রাঁধুনীর ৭ম আসর। আর এতে তৃতীয়বারের মতো বিচারকের আসনে বসবেন পূর্ণিমা।
এ উপলক্ষে আজ সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পূর্ণিমা।
তিনি বলেন, ‘এটা একটা অন্য ধরনের কাজ। দারুণ উপভোগ করি আমি। দারুণ দারুণ সব রান্না টেস্ট করার সুযোগ পাই। তাই তৃতীয়বারের মতো এই সুযোগ পেয়ে হাতছাড়া করলাম না।’
সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ, মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু, প্রতিযোগিতার তিন বিচারক শেফ শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা ও অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।
জানা গেছে, ‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জল তারকা’—এই স্লোগানকে প্রতিপাদ্য করে শুরু হয়ে গেছে সেরা রাঁধুনীর ৭ম আসরের রেজিস্ট্রেশন। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা নানা রকম রান্নায় পারদর্শী রাঁধুনীদের খুঁজে বের করার এই প্রতিযোগিতা প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন আজ থেকে শুরু হয়ে চলবে ২০ অক্টোবর পর্যন্ত। ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নারী-পুরুষ এতে অংশ নিতে পারবেন।
