আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
সিনেমাটির প্রচারে ঢাকা শহরের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। এইসব অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে তারকা অভিনয়শিল্পীদের।
সম্প্রতি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এ যায় টিম ‘অপারেশন সুন্দরবন’। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের সিনেমাটি দেখার জন্য আহ্বান জানান শিল্পী ও সংশ্লিষ্টরা।
সেখানে এক শিক্ষার্থী বলেন, আমি তো সিঙ্গেল। আপনি বলছেন গার্লফ্রেন্ড নিয়ে সিনেমা দেখতে যাওয়ার জন্য। বাট আমার তো গার্লফ্রেন্ড নাই। এ সময় ওই শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে অভিনেত্রী নুসরাত ফারিয়া জানান, এআইইউবি’র সিঙ্গেল শিক্ষার্থীদের জন্য তিনি রয়েছেন।
নুসরাত ফারিয়া বলেন, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, ইউ গো উইথ মি। আগামী ২৩ সেপ্টেম্বর, শুক্রবার তিনটায় আমরা একসঙ্গে মুভি দেখছি, ঠিক আছে? আর এই শুক্রবার চলে গেলে, পরের শুক্রবার যারা সিঙ্গেল আছে, আই অ্যাম হেয়ার। আমি এভেইলেবল।
এর আগে ফারিয়া জানান, তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পরে ব্যক্তিগত কারণে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন।
উল্লেখ্য, সুন্দরবনে র্যাবের দুর্ধর্ষ অভিযানের গল্প উঠে এসেছে ‘অপারেশন সুন্দরবন’-এ। প্রায় তিন বছর সময় নিয়ে বিগ বাজেট ও বড় আয়োজনের সিনেমাটি নির্মাণ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত দীপংকর দীপন। সিনেমাটি প্রযোজনা করেছে র্যাব ওয়েলফেয়ার কো অপারেটিভ সোসাইটি।
এতে সিয়াম-নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন রিয়াজ, জিয়াউল রোশান, মনোজ প্রমাণিক, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমানসহ আরও অনেকে।
