মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স খ্যাত জনপ্রিয় অভিনেতা আবু হেনা রনি অগ্নিদগ্ধ হয়েছেন। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জনপ্রিয় এই কমেডি অভিনেতার অগ্নিদগ্ধের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর এপার-ওপার দুই বাংলাতেই শোকের ছায়া নেমেছে। ইন্ডাস্ট্রির তারকা ও শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকার জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। সোশ্যাল মিডিয়া ফেসুবকে প্রবেশ করলেই দেখা যাচ্ছে তা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) অন্যান্য তারকার মতো সবার কাছে আবু হেনা রনির জন্য দোয়া চেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ অনুষ্ঠানের উপস্থাপক ও জনপ্রিয় অভিনেতা মীর আফসার আলী। আর এবার রনির জন্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রও প্রার্থনা করছেন।
শনিবার এই অভিনেত্রী লিখেছেন, “আবু হেনা রনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবু।”
এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যাস বেলুন বিস্ফোরণে রনিসহ পাঁচ জন দগ্ধ হন। সেসময় রনিসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক মনে হলে তাদের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
সেসময় চিকিৎসকরা জানান, রনি শঙ্কামুক্ত নন, তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শঙ্কামুক্ত না হলেও গতকাল রোববার থেকে রনি কথা বলতে পারছেন। এদিন তাকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানন্তর করা হয়।
রনির উত্থান ওপার বাংলার টিভি চ্যানেল জি বাংলা কর্তৃক আয়োজিত জনপ্রিয় কৌতুক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান মীরাক্কেলের মাধ্যমে। ২০১১ সালে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ -এর ষষ্ঠ আসরে বিজয়ী হন তিনি।
