আবু হেনা রনিকে আইসিইউতে নেওয়া হয়েছে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রনির শ্বাসনালী ও এক কান পুড়ে গেছে বলে জানিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রনির খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ডা. এস এম আইউব বলেন, ‘কলকাতা থেকেও আমরা অনেক ফোন পাচ্ছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। আমাদের আরও অপেক্ষা করতে হবে।’

আবু হেনা রনির সঙ্গে দগ্ধ জিল্লুর রহমান (৩২) নামে আরেক যুবককেও আইসিইউতে রাখা হয়েছে। তার শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে, তারও শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান এই চিকিৎসক।

আবু হেনা রনি একাধারে স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা, উপস্থাপক ও মডেল। তিনি ২০১১ সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’-এ বিজয়ী হন।

প্রসঙ্গত, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি দগ্ধ হয়েছেন।

এ সময় তিনি ছাড়াও আরও চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে রনিসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *