বলিউড সুপারস্টার সালমান খান। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। এবার বাংলাদেশেও নিজের ব্যবসা শুরু করলেন তিনি।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উদ্বোধন করা হলো সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিং হিউম্যান’ আউটলেট। এ সময় সালমান খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার ভাই সোহেল খান।
দুপুর দুইটায় সোহেল খান বনানীর ১০/এ সড়কের এইচ ব্লকের ৮ নাম্বার বাড়িতে পৌঁছান। সোহেল খানকে নেচে-গেয়ে বরণ করে নেন একদল নৃত্যশিল্পী। এসময় সোহেল খান নিজেও খানিকটা নেচে সঙ্গ দেন নৃত্যশিল্পীদের।
সেখানে সালমানের বিয়িং হিউম্যানের আউটলেট উদ্বোধন করেন তিনি। এরপর ঘুরে ঘুরে পরিদর্শন করেন এদেশে প্রথমবার যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির শাখা।
এই উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।
এর আগে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিনি ঢাকায় ব্র্যান্ডটির শোরুম চালুর ঘোষণা দেন সালমান খান। ভিডিওতে তিনি বলেন, ‘হাই বাংলাদেশ। তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। আর সেটি হচ্ছে বিং হিউম্যান ক্লোথিং ঢাকায় চালু হতে যাচ্ছে।’
সালমানের এই প্রতিষ্ঠানটির পথচলা শুরু ২০১২ সালে। মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে এটি। এখান থেকে আয়কৃত অর্থের লভ্যাংশের একটি অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে।
বিশ্বের ১৫ টি দেশের সালমানের এই প্রতিষ্ঠানের ৫০টির মতো আউটলেট রয়েছে। বাংলাদেশে এর স্বত্তাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।
