শ্রাবন্তী আর বিতর্ক যেন সমার্থক শব্দে পরিণত হয়েছে। এটা এখন টলিপাড়ার প্রচলিত কথা। নায়িকার তিন তিনবার বিয়ে ভাঙা, নতুন প্রেমের চর্চা, অসফল রাজনৈতিক ক্যারিয়ার- সবই জারি রয়েছে।
কিন্তু এসব বিতর্ক নিয়ে মাথা ঘামাতে রাজি নন শ্রাবন্তী। তিনি বিশ্বাস করেন, ‘জীবন তোমাকে শক্ত হতে শেখায়, তাও নিজের প্রচেষ্টায়’। এই কথাটা মনেপ্রাণে বিশ্বাস করেন অভিনেত্রী।
তাকে সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় জিমে গিয়ে পরিশ্রম করার ভিডিও শেয়ার করতে দেখা গেছে। যেটা দেখে ভালোভাবে বোঝাই যাচ্ছে যে অভিনেত্রী খুব কঠোর পরিশ্রম করছে নিজের অতিরিক্ত মেদ ঝরানোর জন্য।
তাতে দেখা যায়, পরনে কালো রঙের শর্ট প্যান্ট, গায়ে লাল রঙের টি-শার্ট। কখনো ডাম্বেল হাতে, কখনো বা ফ্রি হ্যান্ড ব্যায়াম করছেন শ্রাবন্তী। তার চিবুক ও গলা বেয়ে ঘাম ঝরছে।
গত জুলাই মাসে মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত ‘অচেনা উত্তম’ সিনেমা। এতে উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর ভূমিকায় অভিনয় করেন তিনি। এ চরিত্রের জন্য বেশ ওজন বাড়াতে হয়েছিল তাকে। এবার ফিট হতে জিমে গিয়ে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন শ্রাবন্তী। তার এই প্রয়াসকে নেটিজেনদের অনেকে সাধুবাদ জানাচ্ছেন।
