শাকিব খানের পায়ের ধুলা নিয়েছি, এটা আমার জন্য পাওয়া: সিয়াম নাসির

সিয়াম নাসির, নাটকের এ সময়ের দর্শকপ্রিয় মুখ। নাটক-টেলিফিল্মের গল্পে কিছু চরিত্র থাকে, যা খুব গুরুত্বপূর্ণ। মূলত এ চরিত্রগুলো নাটক-টেলিফিল্মকে বিশেষভাবে অলংকৃত করে। সেসব অলংকৃত করা চরিত্রে অভিনয় করেই আলোচনায় এসেছেন সিয়াম নাসির। এছাড়া নাটকের কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত হলেও প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছেন সিয়াম। ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সিনেমার নাম ‘লিডার আমিই বাংলাদেশ’। এতে শাকিব খানের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বাসিত ছোটপর্দার এই অভিনেতা।

সিয়াম বলেন, একটা ইচ্ছা ছিল, যদি কখনো সিনেমা করি তাহলে নাম্বার ওয়ান শাকিব খানের সঙ্গে করব। সেটা পূর্ণ হলো (লিডার আমিই বাংলাদেশ)। তিনি হচ্ছেন মেগা স্টার। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার অর্থ কী, শাকিব খান, যেখানে দ্বিতীয় কোনো শব্দ নেই।

তিনি বলেন, ছোটবেলা থেকেই তার সিনেমা দেখছি আমি। স্কুল পালিয়েও সিনেমা দেখেছি। তার এমন কোনো সিনেমা নেই আমি না দেখেছি। আমি প্রথম ‘বিয়ের প্রস্তাব’ সিনেমা স্কুল পালিয়ে দেখি। এটা তার (শাকিব খান) সঙ্গে আলোচনাও হয়েছে।

শাকিব খানের বিষয়ে এই অভিনেতা আরও বলেন, তিনি যে এত বড় সুপার স্টার! খুবই ভালো মানুষ। একদম চুপচাপ। তার সঙ্গে কাজ করে আমি খুশি। যদি শাকিব খানের সঙ্গে পরবর্তীতে আরও সিনেমার প্রস্তাব পাই তাহলে আমি করতে চাই।

সিয়াম বলেন, অনেকে বলে থাকেন শাকিব খান সেটে দেরি করে আসে। কিন্তু আমি একদমই পাইনি। আমার তো একটি সিনেমার অভিজ্ঞতা, আমি একদমই পাইনি। তার কাছে ১০টা মানে ১০টা। মানুষ হিসেবে তিনি খুবই ভালো মানুষ।

তিনি বলেন, প্রথম শটের আগে আমি তার পায়ের ধুলা নিয়েছি। বলছি, ভাই, এটা আমার প্রথম সিনেমা এবং সে আমার মাথায় হাত রাখছে। বলছে, ভালোভাবে করো। এটা আমার জন্য পাওয়া। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা মুখের কথা না। ওই জায়গা থেকে আমি খুশি। আর তার প্রতি আমার শ্রদ্ধা সারাজীবন থাকবে।

তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খান ও সিয়াম নাসির ছাড়াও আরও অভিনয় করেছেন শবনম বুবলী, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *