দেশের আলোচিত অভিনেত্রী পরীমণি। মাসখানেক আগে মা হয়েছেন তিনি। তাকে ঘিরে বাবা শরীফুল রাজ ও মা পরীমণির প্রতিটি দিন কাটছে আনন্দে। প্রতিটি দিনই তাদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা।
গত শনিবার ছেলে রাজ্যের বয়স এক মাস পূর্ণ হয়েছে। এখন রাজ্যকে নিয়েই পরীর যত ব্যস্ততা। রাজ্যের সঙ্গেই যেন পরী তার জীবনের শিডিউল মিলিয়ে নিয়েছেন।
এই নায়িকা বলেন, ‘একটি টেবিলঘড়ি সামনে রেখেছি। বাবু যখন ঘুমায়, আমিও তখন ঘুমাই। বাবু যখন জাগে, আমিও জাগি। কখন ভোর ছয়টা, কখন সন্ধ্যা ছয়টা, কিছুই বুঝে উঠতে পারি না। ২৪ ঘণ্টাই তার সঙ্গে সময় কাটে আমার। সবার দোয়ায় খুব সুন্দর, সুস্থতার মধ্য দিয়েই আমার সন্তান বেড়ে উঠছে।’
পরীমণি বলেন, ‘আমার বাজানকে নিয়েই তো এখন আমাদের সব কিছু। রাজ-রাজ্যকে নিয়ে দারুণ এক সুখী পরিবার আমার। স্বপ্নের মতো এক জীবন কাটাচ্ছি। সবাই রাজ্য ও আমাদের জন্য দোয়া করবেন।’
পরীমণি গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন। মা হওয়ার কয়েক মাস আগে থেকে এখনো পর্যন্ত বাইরের সমস্ত কাজ থেকে দূরে রয়েছেন তিনি। কাজ কবে ফিরবেন? জানতে চাইলে পরীর সহজ উত্তর, আপাতত রাজ্যকে নিয়েই তার রাজ্যের কাজ। শুটিংয়ে ফিরতে বেশ খানিক সময় লাগবে।
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরীফুল রাজ। তা সামনে আসছে এ বছরের ১০ জানুয়ারি। মা হওয়ার খবর প্রকাশের মাধ্যমে বিয়ের খবরও জানান।
