সিনেমায় দেড় যুগের ক্যারিয়ার চিত্রনায়িকা অপু বিশ্বাসের। সেই অপু বিশ্বাস এবার আসছেন প্রযোজনায়। ২০২১-২২ অর্থবছরে পেয়েছেন সরকারি অনুদানও। অপু বিশ্বাস প্রযোজিত সিনেমাটির নাম ‘লাল শাড়ি’। বানাচ্ছেন বন্ধন বিশ্বাস।
সিনেমাটিতে অপু বিশ্বাস নিজেও অভিনয় করবেন। ততাঁর বিপরীতে এবার যুক্ত হলেন নায়ক সাইমন সাদিক। গতকাল সোমবার রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন। এবারই প্রথম দুজন পর্দা ভাগাভাগি করবেন।
চুক্তির বিষয়টি নিশ্চিত করে সাইমন বলেন, ‘যখন ছবিটি অনুদানের জন্য জমা দেন অপু বিশ্বাস, তখন আমার ন্যাশনাল আইডির কপি নিয়েছিলেন তিনি। তখন আমার একটু ধারণা হয়েছিল হয়তো ছবিতে আমাকে রাখা হচ্ছে। অনুদান পাওয়ার পর ছবির পরিচালক এ ব্যাপারে আমাকে একটু আভাস দিয়েছিলেন। সোমবার রাতে ছবিতে চুক্তির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে আমাকে।’
অপুর বিপরীতে প্রথম কাজের ব্যাপারে সাইমন বলেন, ‘অপু বিশ্বাস ঢাকাই ছবির জনপ্রিয় একজন নায়িকা। আমি সিনেমায় আসার আগে অপু বিশ্বাসের নায়িকা হিসেবে প্রথম অভিনীত ছবি “কোটি টাকার কাবিন” দেখেছিলাম। এ ছাড়া অপু বিশ্বাসের অনেক সিনেমা আমার দেখা। তাঁর সঙ্গে আমার প্রথম কাজ হবে। নিঃসন্দেহে এটি আমার জন্য আনন্দের।’
এ ব্যাপারে ছবির পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘আমরা যখন চিত্রনাট্যটি অনুদানের জন্য জমা দিয়েছিলাম, তখনই সাইমনের নাম আবেদনে রাখা হয়েছিল। ছবির গল্পের কারণে সাইমনকে ডিমান্ড করে। চরিত্রটি ভালো মানাবে সাইমনকে।’
অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হবে চলচ্চিত্রটি। মফস্বলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘বাঙালির আবেগের সঙ্গে মিশে আছে লাল শাড়ি। এটি সিনেমায় রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। একটি শাড়ি যে সংগ্রাম ও ভালোবাসার প্রতীক হয়ে উঠতে পারে, তা-ই দেখানো হবে সিনেমায়।’
