ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মহি মা হতে চলেছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। সোমবার রাতে নিজেই ফেসবুকে পোস্ট করে এ খবর জানিয়েছেন মাহি।
মাহি লিখেছেন, ‘কেমন আছেন সবাই? আমিতো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে।’
আনন্দের খবরটি জানিয়ে মাহি লেখেন, ‘আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
পরে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মাহিয়া মাহি সংবাদমাধ্যমকে বলেন, ‘সন্তান হওয়ার সুখবর জেনেছি দুই মাস আগে। মা হবো আরও ৬-৭ মাস পর।’
তিনি বলেন, এ অনুভূতি প্রকাশ করার মতো না। এই খবরটা পাওয়ার জন্য সারাজীবন অপেক্ষা করেছি।
মাতৃত্বের ইস্যুতে এই নায়িকা আরও জানান, জীবনে এতোটা আনন্দে আর কখনও ছিলেন না।
গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে ভালোবেসে বিয়ে করেন মাহি। এ দম্পতির এটি প্রথম সন্তান।
২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালের ২৪ মে মাহি জানান, তারা আর একসঙ্গে থাকছেন না, তাদের বিবাহবিচ্ছেদ ঘটেছে। তবে এ সংসারে তাদের কোনো সন্তান নেই।
গত শুক্রবার মাহি অভিনীত ‘লাইভ’ সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে প্রায় চার বছর পর পর্দায় ফিরলেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।
