প্রথমবার বাংলাদেশি ওয়েব সিরিজে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। তাঁর বিপরীতে আছেন শাহরিয়ার নাজিম জয়। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নাম ঠিক না হওয়া সিরিজটি পরিচালনা করছেন শঙ্খ দাশগুপ্ত।
এই পরিচালক এর আগে ওয়েব সিরিজ ‘বলি’ বানিয়েছেন। সিরিজটির খোঁজ পাওয়া যায় অভিনেতা জয়ের একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে। পোস্টে হলুদাভ ছবিতে নির্মাতার সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা যায় জয় ও বাঁধনকে।
২৫ সেপ্টেম্বর সিরিজটির শুটিং শুরু হবে। এখন রিহার্সাল চলছে পুরোদমে। এটি সাত পর্বের সিরিজ। বাঁধন বলেন, ‘চরকির সঙ্গে এই প্রথম কাজ। দুর্দান্ত গল্প-চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। আর এই সময়ের সেরা অভিনয়শিল্পীদের দেখা যাবে সিরিজটিতে।’
কাজের সূত্রে বেশ কিছুদিন ভারতে ছিলেন বাঁধন। সেখানে তিনি বিশাল ভরদ্বাজের নির্মাণে ‘খুফিয়া’ নামের একটি সিনেমায় কাজ করছেন। ওই কাজ সেরে ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরেছেন। এরপরই যোগ দিয়েছেন ওয়েব সিরিজের রিহার্সালে।
প্রকাশ পেয়েছে ‘খুফিয়া’র ফার্স্ট লুক টিজার। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি। থ্রিলার গল্পে বানানো ‘খুফিয়া’র ফার্স্ট লুকে ঝড় তুলেছেন বাঁধন। তিনি বলেন, ‘টিজারে আমার যে শটটা দেখা যাচ্ছে, সেটা আমার নিজেরও ভীষণ পছন্দের। ভোরের দিকে নেওয়া হয়েছিল শটটা।’
