সুখবর দিলেন নুহাশ হুমায়ূন

মহামারি উত্তর নতুন পৃথিবীতে ক্রমশ ছড়িয়ে পড়ছে দেশের নির্মাতারা। বিশ্বের সব গুরুত্বপূর্ণ উৎসবে অংশ নেওয়া আর পদক পাওয়া তো এখন ডাল-ভাত। পাশাপাশি যৌথ প্রযোজনার কাজও হচ্ছে প্রচুর। দেশের শিল্পীরাও কেউ কেউ ডাক পাচ্ছেন আন্তর্জাতিক প্রজেক্টে।

সেই ধারাবাহিকতায় এবার নতুন পালক যুক্ত করতে যাচ্ছেন কিংবদন্তি হুমায়ূনপুত্র নুহাশ। প্রথমবার বাংলাদেশের কোনও নির্মাতার প্রজেক্ট উন্মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ‘হুলু’তে। যা নির্মাণ করেছেন বাংলাদেশের তরুণ পরিচালক নুহাশ হুমায়ূন।

এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নুহাশ।

তার শেয়ার করা সেই পোস্টে লেখা হয়েছে, ‘নুহাশ হুমায়ুন প্রথম ব্যক্তি যিনি সফলভাবে যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে একটি বাংলাদেশি প্রকল্প পেয়েছেন। এই প্রথম বাংলাদেশি কন্টেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে।’

এখনও নাম ঠিক না হওয়া কাজটির চিত্রনাট্যও লিখেছেন নুহাশ। কাজটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই করা হয়েছে। এতে অভিনয় করেছেন বাংলাদেশি শিল্পীরা।

কাজটি নিয়ে নুহাশ লিখেছেন, ‘আমি হলফ করে বলছি- এটি আমার তৈরি করা সবচেয়ে অদ্ভুত কাজ।’

নুহাশের শেয়ার করা সেই পোস্ট থেকে আরও জানা যায়, এটি কোনো ওয়েব সিরিজ না, এক পর্বের একটি কাজ। ওটিটি প্ল্যাটফর্মটি খুব শিগগিরই কাজটির নাম প্রকাশ করবে।

ইতোমধ্যে কাজটির চূড়ান্ত সম্পাদিত অংশ হুলুতে পাঠানো হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করছেন নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *