আমাদের জুটিকে ভালোভাবে কাজে লাগানো হয়নি: ফেরদৌস

শুটিং শুরুর কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো থমকে আছে ফেরদৌস ও পূর্ণিমা অভিনীত দুই সিনেমা ‘জ্যাম’ ও ‘গাঙচিল’-এর কাজ। আর কবেই বা শেষ হবে বাকি অংশের কাজ এবং কবে সিনেমাহলে মুক্তির আলো দেখবে, এমন প্রশ্নের উত্তরও নেই সিনেমা সংশ্লিষ্টদের কাছে।

এরই মধ্যে ঘোষণা এলো, আরও এক নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ফেরদৌস-পূর্ণিমা। তাদের নতুন সিনেমার নাম ‘আহারে জীবন’। সিনেমাটি পরিচালনা করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ।

জানা গেছে, করোনাকালীন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার আবহে ‘আহারে জীবন’ সিনেমার গল্প। আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ফেরদৌস বলেন, ‘গাঙচিল’-এর কাজ প্রায় শেষ। এ বছর ছবিটি মুক্তি পেতে পারে। এর মধ্যে ‘আহারে জীবন’ এল। ‘জ্যাম’ ছবির কিছু কাজ বাকি আছে। একটা ছবির শুটিং যদি লম্বা সময় ধরে চলে, তখন মাথা থেকে অনেক কিছু চলে যায়, আগ্রহ কমে যায়, রিকানেক্ট করা যায় না। প্রযোজকের লগ্নি বাড়ে। একটা সিনেমা নির্মাণে নির্দিষ্ট সময় থাকা দরকার। একটা টাইম চেন থাকা দরকার।

অভিনয় নিয়ে কোনো অতৃপ্তি আছে কি না? জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে মনে হয়, পূর্ণিমার সঙ্গে আমার জুটি ভালোভাবে এখনো কাজে লাগানো হয়নি। এটা একটা অতৃপ্তি। আমাদের দুজনকে আরও ভালোভাবে কাজে লাগানোর সুযোগ আছে। এতে আমরা যেমন লাভবান হব, আমাদের সিনেমার জন্যও ভালো হবে। আমাদের যে ম্যাচুরিটি, যে রসায়ন—এই ব্যাপারগুলো কোনো পরিচালক পর্দায় ফুটিয়ে তুলতে পারেননি। জানি না ‘আহারে জীবন’-এর মাধ্যমে এটা পূরণ হবে কি না। আর না হলে তো ওই…আহারে জীবন।

দীর্ঘ ক্যারিয়ার মূল্যায়ন করতে বললে কীভাবে করবেন?, ফেরদৌস বলেন, অনেক ভালো সিনেমায় কাজ করেছি, অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছি। হুমায়ূন আহমেদের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছি। আমজাদ হোসেনকে পেয়েছি, দিলীপ বিশ্বাসকে পেয়েছি। একটা বড় ব্যাপার হচ্ছে, অনেক পরিচালক আছেন, যাঁদের প্রথম সিনেমা আমি করেছি। মোস্তফা সরয়ার ফারুকী আছেন, সামিয়া জামান এমনকি বাসু চ্যাটার্জির প্রথম বাংলা ছবি আমি করেছি। এ রকম একটা তালিকা করেছিলাম—২৫ থেকে ৩০ জন পরিচালকের প্রথম ছবিতে অভিনয় করেছি। এ ছাড়া ভারতীয় বাংলা চ্যানেল জি বাংলায় কাজের পাশাপাশি কলকাতার অনেক ছবিতে অভিনয় করেছি। এভাবে আমি যে একটা ধারা তৈরি করেছি, সেটাতে এখন অনেকেই হাঁটছে। ভালো লাগে যখন আমাদের দেশের অভিনয়শিল্পীরা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *