‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পোস্টার উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে এই সিনেমার পোস্টার উন্মোচিত হয়।
এই আয়োজন উপস্থাপনা করেন চিত্রনায়ক রিয়াজ। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, এমপি। এসময় সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান ও র্যাবের কমান্ডার খন্দকার আল মঈনসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, ‘সাধারণত এ রকম বিষয় নিয়ে তথ্যচিত্র হয়। তবে র্যাব যে এটা নিয়ে সিনেমা করার পরিকল্পনা করেছে তা খুবই প্রশংসনীয়। মানবিক ও পুনর্বাসন প্রকল্পের যে কথা শুনলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ।’
খন্দকার আল মঈন বলেন, ‘সুন্দরবন আমাদের অহংকার। কিন্তু এখানে মুঘল আমল থেকে ছিল দস্যুদের অভয়ারণ্য। আজ সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে।
র্যাব ৫টি প্রক্রিয়ায় কাজটি করেছে। র্যাব সরাসরি অভিযান চালিয়েছে, বিশেষ সক্ষমতা অর্জন করেছে, গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে, স্থলভাগে দস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। ২০১৬ সালে দস্যুরা আত্মসমর্পণ শুরু করে। ২০১৮ সালে দস্যুদের ৩২টি বাহিনী আত্মসমর্পণ করে।
সিনেমাটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। তিনি ৬ মাস সুন্দরবনে ছিলেন। থিসিস পেপার দিয়েছেন। তারপর কাজ শুরু হয়েছে বলে জানান মঈন।
অনুষ্ঠানে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘সাড়ে ছয় বছর পর আমার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। আমি যে ইউনিফর্ম পরে কাজ করেছি, তার সম্মান রাখার চেষ্টা করেছি।’
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, ‘২০১৯ সালে শেষ সিনেমা মুক্তি পায়। জাজ ছেড়ে দেয়ার পর সংশয়ে ছিলাম আর বড় কোনো সিনেমায় অভিনয় করতে পারব কি না। পারলাম র্যাবের কারণে। সবাইকে ধন্যবাদ। ৩৫ দিন কোনো যোগাযোগ ছিল না শুটিং করতে গিয়ে। এটাই আমার পরিবার ছিল। ভালো লাগছে।’
চিত্রনায়ক সিয়াম বলেন, ‘অনেকে জানতে চেয়েছেন- অপারেশন কি ডকুমেন্টারি হবে? তাদের বলি, এটা সম্পূর্ণ সিনেমা, পূর্ণাঙ্গ সিনেমা। সিনেমাটির কমিউনিকেশন ম্যাটেরিয়াল পেলে সবাই পরিষ্কার হয়ে যাবেন।’
রোশান বলেন, র্যাবের ইউনিফর্মটা আমার খুব ভালো লাগে আগে থেকেই। যখন সিনেমাটি করার প্রস্তাব পাই, আর দ্বিতীয়বার ভাবিনি। আমরা ট্রেনিং করেছি, কীভাবে অস্ত্র ধরতে হয়। নিজেকে রিয়েল অফিসার ভেবেই কাজ করেছি।’
