গত ঈদে মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফি পরিচালিত সিনেমা পরান। মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে সিনেমাটি। এতে বিদ্যা সিনহা মিমের বিপরীতে ইয়াস রোহানকে দেখা গিয়েছে।
গতকাল ৬ সেপ্টেম্বর রাজধানীর বনানীর ফোর স্টার রেস্তরাঁ গোল্ডেন টিউলিপে দেখা গিয়েছে ইয়াশ-মিম জুটিকে। সেখানে তারা শুটিংয়ে অংশ নেন। তবে কোনো সিনেমার শুটিং নয়, ফ্যাশন হাউজ ম্যাকয়্-এর ফটোশুটে অংশ নেন মিম-ইয়াশ।
গৌতম সাহার কোরিওগ্রাফীতে পূজার এই ফটোশুট করেন সৈয়দ মেহরাব হোসাইন।
ম্যাকয়্ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ-উল-আলম সাজু এ প্রসঙ্গে বলেন, ‘পূজা সামনে রেখে বেশকিছু নতুন কালেকশন আসছে। সেসব ড্রেসের ফটোশুট শেষ করলাম। আশা করছি পোশাকগুলো সবার পছন্দ হবে।’
মিম বলেন, ‘চেষ্টা করি বেছে বেছে কাজ করতে। বেশ কিছুদিন পরে ফটোশুটে অংশ নিলাম। এই কাজটি আমার কাছে বেশ ভালো লাগছে।’
এ প্রসঙ্গে গৌতম সাহা বলেন, ‘ঈদের ব্যস্ততা কাটিয়ে এবার পূজার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পরেছি। এরই মধ্যে কয়েকটি পূজার ফটোশুট করেছি। এর আগে ম্যাকয়্ এর ফটোশুটে অপু বিশ্বাস, দীঘিকে নিয়েছি। এবার মিমকে নিয়ে ফটোশুট করালাম। কাজটি দারুণ হয়েছে। এবার প্রথমবার মিমকে নিয়ে ফটোশুট করেছি। অনেদিন ধরে মিমের সঙ্গে কাজের কথা হলেও ব্যাটে-বলে মিলেনি।’
উল্লেখ্য, লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’ সিনেমায় মিম-ইয়াশ ছাড়াও শরিফুল রাজকে দেখা গিয়েছে।
