প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলতে চাই না: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনও কথা বলতে চাই না। কারণ আমাদের পেছনে একটা তিক্ত এবং হতাশার অভিজ্ঞতা রয়েছে। আমরা প্রত্যেকবার আশা করেছি যে এবার বুঝি কিছু নিয়ে আসবেন। কিন্তু প্রত্যেকবার দেখেছি দিয়ে এসেছেন, নিয়ে আসেননি। সুতরাং এই একটাই কমেন্ট আগে ঘুরে আসুক। কী নিয়ে এসেছে আমরা দেখি। তারপর কমেন্ট।’

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

অনুষ্ঠানে এম সাইফুর রহমানের স্মৃতিচারণা করে মির্জা ফখরুল বলেন, তিনি টেকসই উন্নয়নে বিশ্বাস করতেন। দেশের জন্য যা ভালো, সেটি করতে যা করার তিনি করতেন। তিনি একজন দক্ষ হিসাববিদ ছিলেন।

মির্জা ফখরুল আরও বলেন, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান দেশের উন্নয়নের চিন্তা করলেও বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধান লক্ষ্য দেশের উন্নয়ন নয়, চুরি করা। রিজার্ভের সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের সমস্য—সবকিছুর মূল সমস্যা চুরি বলে মন্তব্য করেন ফখরুল।

ফখরুল অভিযোগ করে বলেন, যে কাজ ১০ হাজার টাকায় হবে, সে কাজে লাগে ৫০ হাজার টাকা। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ উন্নয়ন প্রকল্পগুলোয় অসম্ভব রকমের ব্যয় হচ্ছে। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোকে কী কারণে বসিয়ে ক্যাপাসিটি চার্জের নামে টাকা দেওয়া হচ্ছে, তার জবাবদিহি এখনো সরকার দিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *