Home আলোচিত মুশকান হয়ে আবারও পর্দায় আসতে চান বাঁধন

মুশকান হয়ে আবারও পর্দায় আসতে চান বাঁধন

0
231

দেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি নির্মাণ করেন ওয়েব সিরিজ। হইচইয়ে মুক্তি পাওয়া সিরিজটি দুই বাংলাতেই হয় আলোচিত।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’, ইংরেজিতে এর সংক্ষিপ্ত নাম ‘REKKA’, বাংলায় ‘রেকা’।

সিরিজটি দেখার পর সবার প্রশ্ন ছিল, ‘রেকা’ এর দ্বিতীয় সিজন হবে কি না? অবশেষে হইচই বাংলাদেশ ও লেখক দুজনেই নিশ্চিত করেছেন, রেকা ২ আসবে।

হইচই বাংলাদেশের জনসংযোগ ও বিপণন বিভাগের ম্যানেজার ফয়সাল মাহমুদ বলেন, ‘অবশ্যই রেকা ২ হবে। কবে থেকে হবে, কে পরিচালনা করবেন, কে কে থাকবেন, সে বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি।’

তিনি আরও জানান, ২০ সেপ্টেম্বর একটি ঘোষণার মাধ্যমে জানানো হবে আগামীতে প্ল্যাটফর্মটি কী করতে চায়।

এদিকে গুঞ্জন আছে রেকা ২ সৃজিত মুখার্জি পরিচালনা করবেন না। দেশের কোনো পরিচালকের নির্দেশনায় হবে শুটিং।

এ বিষয়ে মোহাম্মদ নাজিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘হইচই খুব করে চাচ্ছে বাংলাদেশের কেউ পরিচালনা করুক রেকা ২। তবে বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি। দেখা যাক কী হয়।’

তবে প্রধান চরিত্রগুলো পরিবর্তন হওয়ার তেমন সুযোগ নেই বলে জানান নাজিম।

রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি সিরিজে মুশকান জুবেরী চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তিনি এখন রয়েছেন মুম্বাইয়ে।

সেখান থেকে শনিবার ইনস্টাগ্রামে লাইভে আসেন অভিনেত্রী। কথা বলার এক পর্যায়ে রেকা ২ নিয়ে দর্শকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনিও খুব আগ্রহী মুশকান হয়ে আবারও পর্দায় আসতে।

উল্লেখ্য, রেকা ২ নির্মিত হবে মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসের দ্বিতীয় খণ্ড অবলম্বনে। বইটি প্রকাশ পায় ২০১৯ সালের বইমেলায়। কলকাতা বইমেলাতেও বইটি ছিল বলে জানান নাজিম। নিউজবাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here