যে শর্তে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি

জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

আজ বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।

তবে ভিসার ক্ষেত্রে জুড়ে দেওয়া হয়েছে কিছু শর্ত।এতে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে আইজিপির।

এদিকে, গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, জাতিসংঘ সদরদপ্তরে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ প্রধানদের নিয়ে তৃতীয় সম্মেলন হবে। এতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহম্মাদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

তারা ৩০ অগস্ট বা তার কাছাকাছি সময়ে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন বলেও আদেশে জানানো হয়।

সফর ও ট্রানজিটের সময় তারা কর্মরত হিসেবে গণ্য হবেন জানিয়ে আদেশে বলা হয়, এ সফরের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, এ সফরের পুরো অর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বা পুলিশের বাজেট থেকে খরচ করা হবে। সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আইজিপি বেনজীর আহমেদকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *