দর্শকপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী ফজলুর রহমান বাবু। তার শুরুটা ১৯৭৮ সালে মঞ্চ নাটক দিয়ে। এরপর ১৯৯১ সালে টেলিভিশন নাটকে কাজ করেন। বর্তমানে নাটক-চলচ্চিত্রে বিরতিহীনভাবে দাপটের সাথে অভিনয় করছেন তিনি। অভিনয়ের জন্য ছেড়েছেন সম্ভাবনাময় চাকরি জীবন।
নিশ্চিত বিলাসী জীবন ছেড়ে অভিনয়কে আপন করে নিয়েছেন। পেয়েছেন দর্শকের অফুরন্ত ভালোবাসা। পেয়েছেন কাজের স্বীকৃতি। এরই মধ্যে অভিনয় দক্ষতা দিয়ে নাটক ও সিনেমায় নিজের একটি অবস্থান তৈরি করে নিয়েছেন ফজলুর রহমান বাবু। আজ এই তারকা অভিনেতার জন্মদিন। ১৯৬০ সালের ২২ আগস্ট ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি।
বর্তমানে এই অভিনেতার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। ব্যস্ত রয়েছেন শুটিংয়ে। অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তার গাওয়া গানের ভক্তও নেহাত কম নয়। ‘অল্প না বয়সের সখিনা ছেড়ি’, ‘সোনাই হায় হায় রে’, ‘ইন্দুবালা’সহ বেশ কিছু দর্শকপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। মাঝে মধ্যেই তিনি অডিও ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।
ফজলুর রহমান বাবু সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যাংকে চাকরি করলেও কখনো ব্যাংকার হিসেবে পরিচয় দিতাম না আমি। নিজেকে সবসময় একজন নাট্যকর্মী কিংবা অভিনেতা বলেই পরিচয় দিয়েছি। এখনো নিজেকে এই পরিচয়েই পরিচিতি দেই।’
তিনি বলেন, ‘শুরুটা থিয়েটারে দিয়ে হলেও এভাবে ধীরে ধীরে এক সময় টেলিভিশন নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে অভিষেক করা আমার।’
পর্দায় সাবলীলভাবে দেখে দর্শকরাও বেশ মুগ্ধ। প্রতিষ্ঠিত ও সফল অভিনেতাদের মধ্যে একজন তিনি। অনেক আগেই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত ও শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন। তবে অনেকের ক্ষেত্রেই সংগ্রাম করতে হয়। তারও সংগ্রাম করতে হয়েছে।
তিনি বলেন, ‘আমিও সংগ্রাম করেছি। সেটা নিজেকে প্রস্তুত করার সংগ্রাম করেছি। পরিচালক চিনছে না, প্রযোজক ডাকছে না, কাজ পাচ্ছি না, কাজের জন্য দ্বারে দ্বারে ঘুরছি—এমন সংগ্রাম নয়। সব সময় নিজেকে প্রস্তুত করার সংগ্রাম করেছি আমি। সেই সংগ্রাম এখনো করছি।’
প্রায় চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে জড়িত ফজলুর রহমান বাবু। দীর্ঘ দিনের ক্যারিয়ারের বিষয়ে তিনি বলেন, ‘আমি নিজেকে আপডেট রাখার চেষ্টা করেছি। নাটক-সিনেমা ও ওয়েব সিরিজেও কাজ করেছি। কাজের জায়গায় ঠিক থাকার চেষ্টা করেছি। কাজের ক্ষেত্রে কখনো কোনো ছাড় দেইনি। নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। পাশাপাশি থিয়েটারেও কাজ করেছি।’
