অনন্ত চুক্তি ভেঙেছেন, মুখ খুললেন ইরানি পরিচালক

আলোচিত সিনেমা ‘দিন- দ্যা ডে’ নির্মাণ করতে অনন্ত জলিল এবং মোর্তেজা অতশ জমজম যে পরিকল্পনা এবং চুক্তি করেছিলেন, অনন্ত জলিল তা ভেঙেছেন বলে দাবি করেছেন মোর্তেজা অতশ জমজম।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে এ তথ্য জানান দিন-দ্য ডে সিনেমার পরিচালক মোর্তেজা অতশ জমজম।

তিনি আরও লেখেন, ‘ডে (রোজ) হলো সিনেমার নাম এবং অনন্ত জলিলের সঙ্গে আমরা পরিকল্পনা ও সম্মতি অনুযায়ী কিছুই ঘটেনি, তিনি আমাদের চুক্তি ভেঙেছেন, তিনি তার দায়িত্ব এবং প্রতিশ্রুতি রক্ষা করেননি, যেটা আমরা করতে একমত হয়েছিলাম।’

স্ট্যাটাসে অতশ নিজেকে সিনেমাটির প্রধান প্রযোজক হিসেবে দাবি করেছেন এবং অনন্তর বিরুদ্ধে মামলা করবেন বলেও জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘মামলা করা ছাড়া আর কোনো উপায় নেই তার। আমি ইরানের তেহরানের আদালতে এবং আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে বাংলাদেশের আদালতে আমার অভিযোগ নথিভুক্ত করব।’

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার এ সিনেমাটি কেন করতে চাইলেন অতশ, সেটিও জানিয়েছেন এ পরিচালক। তিনি লিখেছেন, ‘আমি বাংলাদেশের সঙ্গে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেয়ার একমাত্র কারণ ছিল, ইরানী এবং বাঙালি জনগণের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করা, বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ সংস্কৃতি বিনিময় করা এবং একে অপরকে আরও ভালভাবে জানা। কারণ আমি বিশ্বাস করি শিল্পই একমাত্র সর্বজনীন ভাষা যা সীমানা ভেঙ্গে দেয়।’

শিগগিরই অতশ মূল চুক্তি এবং মূল পরিকল্পিত বাজেট প্রকাশ করবেন বলে স্ট্যাটাসে জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি জনসাধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ অধিকার, বিশেষ করে মিডিয়ার জন্য সত্য জানাটা খুব জরুরি। গত চার বছরে আমি অনন্তকে অনেকবার বলেছি যে, ইরানী দলের কাছে তার ঋণ শোধ করার সময় এসেছে। কিন্তু তিনি তা করেননি, এটা লজ্জাজনক। আইনী বিচারই সত্য প্রকাশের একমাত্র উপায়।’

উল্লেখ্য, ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পায় অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। এতে ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন। মুক্তির পর সিনেমাটি নিয়ে আলোচনা ও সমালোচনা দুইটিই হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *