দীর্ঘ ৯ মাস পর দেশে ফিরেছেন শাকিব খান। আজ বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।
এ সময় তাকে ফুল ও স্লোগান দিয়ে অভ্যর্থনা জানায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত। এদিন প্রিয় নায়ককে এক নজর দেখতে তাদের উচ্ছ্বাসের কমতি ছিলো না।
চিত্রনায়িকা পরীমণিও ঢালিউড সুপারস্টারকে স্বাগত জানান। শাকিব খানের ভেরিফায়েড পেজে পোস্ট করা একটি ভিডিও নিজের পেজে শেয়ার করেন পরীমণি। সেখানে নায়ককে এয়ারপোর্ট থেকে বের হতে দেখা যাচ্ছে। তাকে স্বাগত জানিয়ে পরীমণি লেখেন, ‘ওয়েলকাম সুপারস্টার।’ সঙ্গে যুক্ত করেছেন একটি লাভের ইমোজি।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব খান। সেখানকার নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস মার্কিন মুলুকে থাকেন। এর মধ্যে নিউইয়র্ক থেকেই ‘রাজকুমার’ নামের নতুন সিনেমার ঘোষণা দেন, মহরত করেন। যেখানে তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।
এছাড়া ‘মায়া’, ‘প্রিয়তমা’ ও ‘কবি’সহ বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে এগোবেন শাকিব খান। ভক্তদের প্রত্যাশা, নতুনভাবে সবাইকে চমকে দেবেন তাদের প্রিয় নায়ক।
