দেশে ফেরার আগে আমেরিকায় শাকিবের ডিনার পার্টি

২০২১ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। থাকছিলেন নিউইয়র্কে। এ ঢালিউড তারকা এরপর আর বাংলাদেশে আসেননি। দেশে ফেরা নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও তা গুঞ্জনের মাঝেই সীমাবদ্ধ থেকেছে।

তবে অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৭ আগস্ট দেশে ফিরছেন শাকিব। এরইমধ্যে ফেরার সকল প্রস্তুতি সম্পন্ন তার। জো বাইডেনের দেশ ত্যাগের আগ মুহূর্ত স্মরণীয় করে রাখতে কাছের মানুষদের সঙ্গে উপভোগ করেছেন এক নৈশভোজ। এমনটা জানা গেছে রাজনৈতিক ব্যক্তিত্ব আশরাফুল আলম খোকনের একটি পোস্টে।

ফেসবুকে খোকন কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি ও কাজী মারুফসহ বেশ কয়েকজনের সঙ্গে নৈশভোজ করছেন শাকিব।

ক্যাপশনে খোকন লিখেছেন, ‘নয় মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় সব কিছুই নিয়ে গেলেন শাকিব খান। সেই উপলক্ষে দিয়ে গেলেন ডিনার ট্রিট। আজ রাতে ম্যানহাটনে খানাপিনা। রুপালি পর্দার নায়কদের সঙ্গে আমি ভিলেন।’

জানা গেছে, আগামী ১৭ আগস্ট সকাল ১১টায় দেশের মাটিতে পা রাখবেন শাকিব। এ খবর শুনে বসে নেই তার অনুরাগীরা। প্রিয় তারকাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন তারা। ঢালিউড সুপারস্টারকে ফুলের মালা দিয়ে বরণ করার ইচ্ছা আছে তাদের।

যুক্তরাষ্ট্র প্রবাসী হিমেল আশরাফ জানান, এরমধ্যে টিকিট কাটা ও ব্যাগ গোছানো শেষ। হয়ে গেল ডিনার পার্টিও। যুক্তরাষ্ট্র সময় ১৬ আগস্ট (আগামীকাল) সকাল ৯টার ফ্লাইটে চেপে বসবেন শাকিব খান। পরদিন ১৭ আগস্ট বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে নামবেন ঢাকায়।

নির্মাতা বলেন, ‘৯ মাস চোখের পলকে কেটে গেল আমার। ভাইয়ের সঙ্গে এতটা একান্ত সময় কাটাতে পারবো সেটা ভাবিনি। দেশে থাকলে যেটা অসম্ভব ছিল। এরজন্য আমি ভাগ্যবান। এই নয় মাসে আমরা সিনেমা নিয়ে অনেক প্ল্যান করেছি। রাজকুমার ও প্রিয়তমা সিনেমা দুটির চিত্রনাট্য ও শুটিং পরিকল্পনার প্রায় সবটুকুই শেষ করেছি। পরের বার তিনি এলে শুটিংয়ে নেমে পড়বো।’

হিমেল জানান, নভেম্বরেই আবার নিউইয়র্কে ফিরে যাবেন শাকিব খান। মূলত ছবি দুটির শুটিং করার পরিকল্পনা রয়েছে তখন। তবে শাকিব খানের নভেম্বর সফর এত দীর্ঘ হবে না বলেও জানান হিমেল আশরাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *