দক্ষিণ সিটির ১০ চাকার ময়লার গাড়ি চুরি

রাজধানীর মাতুয়াইলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় ময়লার ভাগাড় থেকে সিটি করপোরেশনের ১০ চাকার ময়লার একটি ডাম্প ট্রাক চুরি হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বর্জ্য পরিবহনের কাজে নিয়োজিত এ ভারী যানটি চুরি হয়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলার করার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ সিটি করপোরেশন।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, চুরি হওয়া হলুদ রঙের ডাম্প ট্রাকটির নম্বর পরী ১০১। ডাম্প ট্রাকটি ১৫ টন বর্জ্য পরিবহন করতে পারে। এ ঘটনায় মেয়র শেখ ফজলে নূর তাপস চালকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন।

বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, চুরি হওয়া গাড়িটির মূল্য ৮০ থেকে ৯০ লাখ টাকা।

মাতুয়াইল কেন্দ্রীয় ময়লার ভাগাড়ে দায়িত্বরত দক্ষিণ সিটির সহকারী প্রকৌশলী নুরুজ্জামান বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে গাড়ির চালক বর্জ্য নিয়ে মাতুয়াইলে আসেন। তিনি গাড়ি থেকে বর্জ্য নামিয়ে বাসায় চলে যান। রাত ৮টার দিকে গাড়ির চালক এসে দেখতে পান গাড়িটি নেই। পরে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) পর্যবেক্ষণ করে দেখা গেছে, রাত পৌনে ৮টার দিকে গাড়িটি মাতুয়াইল ল্যান্ডফিল থেকে বেরিয়ে যাচ্ছে। ক্যামেরায় চালকের মুখ বোঝা যায়নি।

দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের বর্জ্য মাতুয়াইলে রাখা হয়। সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েন থাকেন। এ ছাড়া সিসি ক্যামেরা দিয়েও পর্যবেক্ষণে রাখা হয়। এরপরও কীভাবে সেখান থেকে গাড়িটি চুরি হয়েছে, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ করপোরেশনেরই কর্মকর্তারা।

তারা জানান, সিটি করপোরেশনের গাড়ি যেখানে-সেখানে পড়ে থাকলেও কেউ ওই গাড়ির ক্ষতি করে না। অথচ সর্বোচ্চ নিরাপত্তার জায়গা থেকে গাড়ি চুরি হওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন। আনসার সদস্যদের সামনে দিয়ে অপরিচিত এক লোক গাড়িটি কীভাবে নিয়ে গেল, তা খতিয়ে দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *