লগ্নির চেয়ে পাঁচগুণ বেশি টাকা আয় করেছে ‘পরাণ’: প্রযোজক

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে সিনেমাটি। মুক্তির এক মাস অতিক্রম করলেও ছবিটি দেখতে এখনও হাউজফুল দর্শক!

প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পরাণ’ মুক্তির একমাসের মধ্যেই ‘ব্লকবাস্টার হিট’ হয়ে গেছে! সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এখনো ‘পরাণ’-এর টিকেটের জন্য হাহাকার লেগে আছে! স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, বাংলা সিনেমায় এমন দৃষ্টান্ত বিরল! অনেকটা ইতিহাস বলা যায়।

‘পরাণ’ ছবির অন্যতম প্রযোজক ও লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, সবখান থেকে খুব ভালো সাড়া পাচ্ছি আমরা। মুক্তির একমাস এক মাস পার হয়ে এছে কিন্তু দর্শকের উন্মাদনায় মনে হচ্ছে সদ্য মুক্তি পাওয়া ছবি ‘পরাণ’। বাংলা ছবির সুদিন ফিরিয়ে আনতে আমাদের ‘পরাণ’ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, আমাদের লগ্নিকৃত টাকার চেয়ে পাঁচগুণ বেশি টাকা উঠে এসেছে। নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট বলতে পারছি না, তবে যে পরিমাণ অর্থ এসেছে এটা আমাদের ধারণার বাইরে ছিল। সিনেপ্লেক্স থেকে রেকর্ড পরিমাণ লভ্যাংশ পেয়েছি। সিঙ্গেল স্ক্রিনেও হিট। ক্লিয়ার এমাউন্ট জানাতে সময় লাগবে। যে পরিমাণে অর্থ একমাসে তুলতে পেরেছি তাতে আরও ভালোভাবে দুইটা থেকে তিনটা সিনেমা বানাতে পারবো।

লাইভ টেকনোলোজিস এখন থেকে নিয়মিত সিনেমা বানাবে উল্লেখ করে ইয়াসির আরাফাত বলেন, অবশ্যই দর্শকের চাহিদা অনুযায়ি সিনেমা বানানো। আমরা ‘পরাণ’ দিয়ে বুঝে গেলাম যে দর্শকদের আসলে চাহিদাটা কী! লাইভ টেকনোলজিসের আরেক ডিরেক্টর তামজিদ অতুল ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আমরা বছরে দুটি করে সিনেমা বানাবো। দর্শকদের এই চাহিদার ভিত্তিতে আমরা নতুন সিনেমাগুলোতে লগ্নি করবো।

‘পরাণ’ এর এই সাফল্যের রহস্য কী? জানতে চাইলেন ইয়াসির আরাফাত বলেন, এ ধরনের সিনেমার অনেক বছরের গ্যাপ ছিল। করোনায় হলগুলো বন্ধ ছিল। দর্শক তেমন ভালো সিনেমা পায় নাই। ‘পরাণ’ মুক্তির মাধ্যমে দেখলাম দলে দলে মানুষ হলে। সব শ্রেণির দর্শক ‘পরাণ’ দেখেছে। আমার কাছে আরো যেটা মনে হয় ডিরেক্টর আর্টিস্ট অলরাউন্ডার পারফর্মেন্স করেছে। বাংলাদেশ ক্রিকেটে দুর্দান্ত ম্যাচ উপহার দিলে দলের সবাইকে যেমন ভালো পারফর্ম করতে হয়, পরাণেও তেমননি সবাই অসাধারণ পারফর্ম করেছেন। দর্শক সিনেমা দেখে হলে হলে সেই জয় উল্লাস করেছে। আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞ।

‘পরাণ’ সিনেমায় বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, নাসির উদ্দিন, রাশেদ অপুসহ অনেকে অভিনয় করেছেন। সিনেমা রিলিজের পর প্রতিটি অভিনয়শিল্পী দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন। বিশেষ করে বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজের অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসা করেছেন দর্শকরা। বাকি অভিনয়শিল্পীরাও প্রশংসার জোয়ারে ভাসছেন। ‘পরাণ’ এর সাফল্যের হাওয়া থেকে বাদ যাননি কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *