শুরুটা ছিল ‘স্বপ্নজাল’ দিয়ে। তবে ইয়াশ রোহানকে পাদপ্রদীপের আলোয় এনেছে ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘পরাণ’। অনেক অভিনয়শিল্পীকে দিনের পর দিন কাঙ্ক্ষিত সাফল্যের জন্য অপেক্ষা করতে হলেও অল্প সময়েই তিনি তা পেয়েছেন।
‘পরাণে’র পর্দায় তার নম্র-ভদ্র উপস্থাপন দর্শকের মন জুড়িয়ে দিয়েছে। ঢালিউডের সম্ভাবনাময় অভিনেতাদের একজন ভাবা হচ্ছে তাকে।
সম্প্রতি এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কথা। কোন ধরনের সিনেমায় অভিনয় করতে চান—জানতে চাইলে ইয়াশ বলেন, “আমি যে ধরনের সিনেমা করতে চাই তা এখানে সচরাচর কম নির্মাণ হচ্ছে। কিন্তু ‘পরাণ’ ও ‘হাওয়া’ সুপারহিট করার পর আমার বিশ্বাস এইরকম ভিন্ন গল্পের সিনেমা বেশি বেশি হবে। এটা আমার বিশ্বাস। যেখানে গল্পটাই প্রধান নায়ক হবে। ‘হাওয়া’ তো একেবারেই ভিন্ন ধাচের গল্পের সিনেমা। আমি চাই নতুন কিছু। সম্পূর্ণ ভিন্ন গল্পের সিনেমায় অভিনয় করতে চাই।”
সম্প্রতি ইয়াশ রোহান ব্যস্ত আছেন ‘পর্দার আড়ালে‘ নামক একটি সিনেমার কাজে। এখানে তাকে দেখা যাবে একজন গোয়েন্দার চরিত্রে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তিনি অভিনীত ‘দেশান্তর‘।
সিনেমাটিতে ইয়াশ অভিনয় করেছেন শিক্ষকের ভূমিকায়। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস থেকে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।
শিল্পী পরিবারে জন্ম ইয়াশ রোহানের। তার বাবা নরেশ ভুঁইয়া এবং মা শিল্পী সরকার অপু নিয়মিত কাজ করেন টিভি নাটকে। ২০১৫ সালে ‘ডুব’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছিলেন ইয়াশ। এছাড়া সেখানেও অভিনয়ও করেন। পরের বছর ‘লাল কাগজের টাকা’ নামে আরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেন তিনি।
২০১৮ সালের ৬ এপ্রিল ‘মনপুরা’ ছবির পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ইয়াশের। শুরুতেই নায়িকা হিসেবে পান পরীমনিকে। সেখানে বেশ প্রশংসিত হয় ইয়াশের অভিনয়। এরপর থেকে তিনি একাধিক ছবিতে যুক্ত হয়েছেন।
