আমরা একটু অসুবিধায় আছি, টাকার ঘাটতি পড়ে গেছে: পরিকল্পনামন্ত্রী

আমরা একটু অসুবিধার মাঝে আছি, টাকার ঘাটতি পড়ে গেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎ দিছি ঘরে ঘরে। এখন একটু কম আয়র (আসতেছে), আর এখান (এক) মাস ক্লিয়ার অইযিব (হয়ে যাবে) ইনশাআল্লাহ। আমরা একটু অসুবিধার মাঝে আছি, টাকার ঘাটতি পড়ে গেছে। আমরার লাগি (জন্য) না, অন্যান্য দেশের মাতব্বরে লাড়াই (যুদ্ধ) করের। আর এটা আমাদের ওপর এসে পড়েছে। আমরা সবুর (সহ্য) করে বসে আছি। ঊর্ধ্বে এক দেড় মাস। সব কিছু ঠিক হয়ে যাবে।’

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলে স্বেচ্ছাদীন তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্যায় যাদের ক্ষতি হয়েছে, তাদের কষ্ট দূর করার জন্য সরকার চেষ্টা করেছে। আরও করবে। সরকার কষ্টে থাকা মানুষের সঙ্গে আছে। জমি ভিটাহীন মানুষদের দুই শতক জায়গাসহ ঘর দেবার এমন উদ্যোগ আগে কোনো সরকার নেয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের মানুষ শান্তিতে থাকুক।

পরিকল্পনামন্ত্রী বলেন, এইবারের বন্যায় গরিবের কষ্ট হয়েছে বেশি। কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে। সরকার তাদের সহায়তা করছে, আরও করবে। সরকারকে একটু সময় দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকার গরিবের সরকার। উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ভোট দিয়েছেন, এ জন্য গরিবের সরকার ক্ষমতায় আছে। আবারও ভোট দেওয়ার সময় আসবে, গরিবের কাজ করে যারা, তাদেরই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন প্রমুখ।

এসময় উপজেলার ৪২৮ জনের মধ্যে ১২৫০ করে পাঁচ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *