মুক্তির আগেই থেকেই ‘হাওয়া’ নিয়ে দর্শকের উন্মাদনার শেষ নেই। দেশের সিনেমা হলে দাপটের সাথে চলছে ‘হাওয়া’। সিনেমাটি নকল করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কেউ কেউ।
বিষয়টি নিয়ে বিরক্ত ‘হাওয়া’ টিম। সেই অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন ও অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার ‘হাওয়া’ নিয়ে কথা বলেছেন দেশের তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
বুধবার (৩ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘যদিও আমি ইদানিং যেটা ফলো করি সেটা হচ্ছে, আজাইরা কথার উত্তর না দেওয়া। কিন্তু সুমনের বিরক্তির কারণটাও বুঝতেছি। আজাইরা কথা বারবার বলতে থাকলে কিছু লোক বিশ্বাস করে বসে। এখন দুনিয়ায় বহু মানুষ তো আজব আজব অনেক কিছু বিশ্বাস করে। আপনি হোয়াইট সুপ্রিমেসিস্টদের গ্রুপগুলাতে গিয়ে যদি দেখেন, তারা কি কি জিনিস বিশ্বাস করে, আকাশ থেকে পড়বেন। এই সব নিয়েই আমাদের জীবন।’
তিনি আরও লিখেছেন, ‘আপনার ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে সুমনের ছবি। সেটা বলতেও পারেন। কিন্তু ছবি মুক্তি পাইতে না পাইতেই নকল নকল রব তোলাটা খুবই বাজে কাজ। আমার টেলিভিশন ছবির সময়ও এই জিনিস আমি দেখেছি। তখন আমি কাকে জানি বলেছিলাম, ভাইরে… আমি আগের রাতে যে স্ক্রিপ্ট লিখি, পরের দিন ওটাকেই ঠিকমতো নকল করতে পারি না, ইমপ্রোভাইজ কইরা ফালাই, সেখানে আরেকজনের বানানো ছবি কেমনে কপি করব। সুমনের ছবির ক্ষেত্রেও আমি একই কথা বলতে চাই।’
নির্মাতার ভাষ্য, ‘অনলাইনের এই তাণ্ডব নিয়ন্ত্রণ করার ফর্মুলা আমার জানা নাই। তবে এখানে একটা আবেদন জানাইয়া রাখতে পারি, আমাদের ছোট ইন্ডাস্ট্রি। এখানে ছবি বের হওয়ার পরেই আমরা কেউ খড়গ হাতে নামি বাতিল করার জন্য, আরেকদল কোনো একটা ছবিকে বড় করার জন্য, বাকি সকল ছবিকে আবেগের আতিশয্যে বাতিল ঘোষণা করি! এই কালচার ক্ষতিকর। দশে মিলি করি কাজ।’
