২০২১-২২ অর্থবছরে ১৯টি সিনেমাকে দেয়া হয়েছে সরকারি অনুদান। যার মধ্যে প্রযোজক হিসেবে শাকিব খানের সিনেমা ‘মায়া’ রয়েছে। এই সিনেমার জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন নায়ক।
সেই অনুদানপত্রে এই সিনেমার নির্মাতা হিসেবে তরুণ পরিচালক হিমেল আশরাফের নাম জানা গিয়েছিল। তবে নতুন গুঞ্জন, এই সিনেমা পরিচালনা করছেন না হিমেল।
জানা গেছে, ‘মায়া’ পরিচালনার জন্য এরই মধ্যে একাধিক পরিচালকের কাছে প্রস্তাব গেছে শাকিব খানের পক্ষে। প্রস্তাব পেয়েছেন এমন একাধিক পরিচালক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিষয়টি অস্বীকার না করলেও এ প্রসঙ্গে বিস্তারিত বলেননি শাকিব। তার ভাষ্য, ‘এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। সময় হলেই সব জানাব। শুধু বলব সমৃদ্ধ কাজের স্বার্থে প্রয়োজনে অনেক কিছুরই পরিবর্তন হতে পারে।’
আগামী ১৫ আগস্ট দেশে ফিরে ‘মায়া’র কাজ শুরু করবেন শাকিব। এই নায়কের একাধিক ঘনিষ্ঠসূত্রে এ কথা জানা গেছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরি।
