Home আলোচিত আমি নানির চরিত্রেও অভিনয় করতে রাজি: অরুণা বিশ্বাস

আমি নানির চরিত্রেও অভিনয় করতে রাজি: অরুণা বিশ্বাস

0
104

কিংবদন্তি অভিনেত্রী অরুণা বিশ্বাসের জন্মদিন আজ (১ আগস্ট)। বয়স তার কাছে কেবল সংখ্যা মাত্র। বর্তমানে অভিনয়ে সরব না থাকলেও নিমার্ণের সঙ্গে যুক্ত তিনি।

নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার তৈরি করা প্রথম চলচ্চিত্র ‘অসম্ভব’। এটি এখন সেন্সর ছাড়পত্র পাওয়ার অপেক্ষায়। এছাড়া নানা অনুষ্ঠানেও নিয়মিত দেখা যায় তাকে।

গুণী এই শিল্পী ১৯৮৬ সালে ‘চাঁপাডাঙ্গার বউ’ দিয়ে সিনেমায় অভিষেক হন। এ পর্যন্ত প্রায় শতাধিক ছবিতে নায়িকা হয়েছেন। কাজ করেছেন অর্ধ শতাধিক ছবিতে চরিত্র অভিনেত্রী হিসেবে।

তবে দীর্ঘদিন আর নিয়মিত অভিনয় করেন না। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘শান’। ছবিটি গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

নিয়মিত অভিনয় না করা প্রসঙ্গে একসময়ের জনপ্রিয় এই নায়িকা আক্ষেপ করে বলেন, ‘এখন তো শুধুই মায়ের চরিত্রে ডাকা হয়। আমি নানির চরিত্রেও অভিনয় করতে রাজি। কিন্তু গল্পকেন্দ্রিক হতে হবে চরিত্র। সেটা তো হচ্ছে না। আমাদের নিয়ে গল্প লেখা হয় না। তা ছাড়া অনেক সময় পারিশ্রমিকও দিতে চান না।’

তিনি আরও বলেন, ‘পোস্টারে আমাদের সমসাময়িক শিল্পীদের ছবি নগণ্যভাবে প্রকাশ করা হয়। অথচ পার্শ্ববর্তী দেশের সিনেমা, নাটকে উল্টো চিত্র। তাঁরা জ্যেষ্ঠ তারকাদের কত সম্মানের জায়গা রেখে কাজ করছেন।’

এই অভিনেত্রীর বক্তব্য, ‘না খেয়ে থাকতে পারি, তাই বলে তো মানসম্মান শেষ করতে পারি না।’

এদিকে অরুণা বিশ্বাস জানান, মা, ভাই ও একমাত্র ছেলে কানাডায় আছেন। এ কারণে জন্মদিনটি ওভাবে উদ্‌যাপন করা হচ্ছে না।

তিনি বলেন, ‘জন্মদিনের উৎসব রঙিন হয়, রক্তের সম্পর্কের মানুষগুলো কাছে থাকলে। তাঁরা বাসায় অনেক কিছুই আয়োজন করেন। ঘর আনন্দ-উল্লাসে ভরে যায়। কিন্তু আপনজনেরা তো সবাই দেশের বাইরে আছেন। এ কারণে ওভাবে জন্মদিনটি উদ্‌যাপন করছি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here