মেজবাউর রহমান সুমন পরিচালিত রহস্যে ঘেরা চলচ্চিত্র ‘হাওয়া’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ জুলাই। এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষিসহ আরও অনেকে।
মুক্তির আগেই সিনেমার ট্রেলার থেকে শুরু করে গান, সব কিছু মন জয় করে নিয়েছে দর্শকের। বিশেষ করে সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি যেন হয়ে উঠেছে গণমানুষের গান।
এদিকে সিনেমাটি মুক্তির আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়, হাওয়া সিনেমার টিকিট অগ্রিম বিক্রি হচ্ছে। এক্ষেত্রে সিনেমা হলগুলোয় প্রথম তিনদিনের টিকিট বিক্রিও শেষ হয়েছে বলে জানা যায়। এমন খবরে অবশ্য সিনেমা সংশ্লিষ্টরা খুশি। সাম্প্রতিক সময়ে করোনার তাণ্ডব কাটিয়ে দর্শকরা হলমুখি হওয়ায় সিনে ইন্ডাস্ট্রিতে সুবাতাস বইছে।
এদিকে নিজের অভিনীত ‘হাওয়া’ সিনেমা পরিবার পরিজনের সঙ্গে দেখার জন্য আগ্রহের শেষ নেই অভিনেতা চঞ্চল চৌধুরীর। কিন্তু পরিবারের জন্য এখন পর্যন্ত একটি টিকিটও সংগ্রহ করতে পারেননি তিনি। এ কারণে মন খারাপ এই অভিনেতার।
মঙ্গলবার (২৬ জুলাই) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে টিকিট না পাওয়ার কষ্টের কথা জানান চঞ্চল চৌধুরী। এদিন তিনি ‘হাওয়া সিনেমার টিকিট না পাওয়ার খবর প্রকাশ হচ্ছে’-এমনটা উল্লেখ করে স্ট্যাটাসে লিখেন, “এখন পর্যন্ত নিজের পরিবার পরিজনের হাতেও একটা টিকিট তুলে দিতে পারিনি! হায়রে ‘হাওয়া…!”
চঞ্চল চৌধুরী আরও লিখেছেন, “এবার সবার সঙ্গে আমার সম্পর্ক নষ্টের মূল কারণ হবে ‘হাওয়া’। এ কষ্ট আমি কোথায় রাখি!”





