বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিন তাঁর নতুন জীবনসঙ্গী।
জানা গেছে, গত ২৭ মে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের। রাজধানীর একটি অভিজাত এলাকায় নতুন সংসার পেতেছেন রবিন-পূর্ণিমা।
বৃহস্পতিবার রাতে বিয়ের খবরটি নিশ্চিত করে পূর্ণিমা জানিয়েছেন, ৪-৫ বছর কাজের সূত্রেই রবিনের সঙ্গে পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানাই। দুই পরিবার থেকে বলা হলো, বিয়েটা করে ফেললেই ভালো। পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে।
বিয়েতে দুই পরিবারের সবাই অনেক খুশি জানিয়ে পূর্ণিমা আরও বলেন, ‘দুই পরিবারের ইচ্ছাতেই তো বিয়েটা হলো, সবাই খুশি। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন। আমার মা–ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন।’
পূর্ণিমা জানান, বিয়ের পরেই পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কেউ কেউ করোনাভাইরাসে আক্রান্ত ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে।
সবার কাছে দোয়া চেয়েছেন রবিন-পূর্ণিমা দম্পতি।
উল্লেখ্য, এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। ২০১৪ সালে একটি কন্যা সন্তানের মা হন নায়িকা। তবে ফাহাদের সঙ্গে তার বিচ্ছেদ কবে হয়েছে, সেই তথ্য প্রকাশ করেননি পূর্ণিমা। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের জোর গুঞ্জন ছড়িয়েছিল। তখন অবশ্য গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এ নায়িকা।
