ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা আবারো বিয়ে করেছেন। এবারের পাত্র আশফাকুর রহমান রবিন, পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।
বৃহস্পতিবার রাতে বিয়ের খবর নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন অভিনেত্রী। পূর্ণিমা বলেন, ‘বিয়ে করেছি এটা সত্যি। পারিবারিকভাবে বিয়েটা হয়েছে।’
আশফাকুর রহমানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তাঁর সঙ্গে পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানাই। দুই পরিবার থেকে বলা হলো, বিয়েটা করে ফেললেই ভালো। পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে।’
বিয়েতে দুই পরিবারের সবাই অনেক খুশি জানিয়ে পূর্ণিমা আরও বলেন, ‘দুই পরিবারের ইচ্ছাতেই তো বিয়েটা হলো, সবাই খুশি। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন। আমার মা–ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন।’
এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালে আহমেদ ফাহাদ জামাল নামে চট্টগ্রামের এক ব্যাবসায়িকে বিয়ে করেন তিনি। তবে কবে নাগাদ তাদের বিচ্ছেদ হয়েছে, তা জানা যায়নি। প্রথম সংসারে আরশিয়া উমাইজা নামে এক কন্যাসন্তান রয়েছে তার।





