পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘দিন : দ্য ডে’ সিনেমার প্রচারণায় ফুঁপিয়ে কান্না থেকে শুরু করে অন্য নায়িকাদের খোঁচা দিয়ে আলোচনায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
গতকাল এই চিত্রনায়িকা দাবি করেছেন, বলিউড থেকে ফোন করে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন শীর্ষ পাপারাজ্জিরা। সংবাদমাধ্যমেও এসেছে বিষয়টি। এতেই চটেছেন নির্মাতা আশফাক নিপুন।
সত্যতা যাচাই না করে গণমাধ্যমের এমন সংবাদ প্রকাশ করা উচিত না বলে মন্তব্য করেন আশফাক নিপুন। পাশাপাশি বর্ষাকে বলিউড থেকে কল দেওয়া প্রসঙ্গে সন্দেহ পোষণ করে তিনি বলেন, ‘তাকে কেন বলিউড থেকে কল দেবে? তিনি কীভাবে বলিউড থেকে কল পান? তার সিনেমা কি ভারতে মুক্তি পেয়েছে? অথবা তার সিনেমা কি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে?’
এ সময় ফ্যাক্ট চেকিংয়ের বিষয়টি তুলে ধরে নিপুন আরও বলেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া গণমাধ্যমের এই ধরনের প্রমোশোন থেকে বিরত থাকা উচিত। যদি আপনারা রাজনৈতিক ও রাষ্ট্রীয় কোনো সংবাদ যথার্থ ফ্যাক্ট চেকিং ছাড়া প্রকাশ করতে না পারেন তাহলে বিনোদন অঙ্গনের সংবাদ বিশেষ সুবিধা কেন পাবে?’
মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে বর্ষা বলেন, “বিগ বাজেটের সিনেমা এত সুপারহিট হয়েছে, যার জন্য আসলে গর্ব করা যায়। কোনো একটা দেশে একটা ঘটনা ঘটলে কী হয়? সেটি সমালোচিত হোক আর আলোচিত হোক, সুপারহিট কোনো কিছু হলে, ব্লকবাস্টার কিছু হলে যেমন বিদেশের নিউজ আপনারা করছেন, সেভাবে কিন্তু বলিউড পর্যন্ত পৌঁছে গেছে, বাংলাদেশে একটা সিনেমা হয়েছে ‘দিন : দ্য ডে’। তারা আমাদের নাম্বার জোগাড় করে কল করেছে। দেখুন, ইন্ডিয়ার মতো জায়গার সাংবাদিকরা আমাকে ফোন করে বলছে, অভিনন্দন, তোমরা বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছ। আর কী পাওয়া?”
উল্লেখ্য, বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দিন-দ্য ডে’। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এখানে বরাবরের মতো নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। এছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী।





