Home আলোচিত বোনের বিয়ের গয়না বিক্রি করে অনন্তের সিনেমা দেখলেন ভক্ত

বোনের বিয়ের গয়না বিক্রি করে অনন্তের সিনেমা দেখলেন ভক্ত

0
155

ঈদের সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনায় জমজমাট ঢালিউড। এবারের ঈদে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘দিন-দ্য ডে’, ‘পরাণ’ ও ‘সাইকো’। তিনটি সিনেমাই কম-বেশি দেখছে দর্শক।

তবে অনন্ত জলিল শুরু থেকেই তার ‘দিন-দ্য ডে’র বাজেট একশ কোটি টাকা দাবি করায় শুরু থেকেই আলোচনায় এই সিনেমাটি। আর তারকা দম্পতি অনন্ত জলিল-বর্ষাও এর প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বর্তমানে।

এই তারকা দম্পতি সিনেমাটি মুক্তির পর দেশের বিভিন্ন সিনেমা হল পরিদর্শন করছেন। দর্শকের সঙ্গে সিনেমা দেখছেন এবং তাদের মতামত শুনছেন। এরই মধ্যে গত ১৪ জুলাই বগুড়া যান অনন্ত জলিল। সেখানে এক প্রতিবন্ধী ভক্তের সঙ্গে দেখা করেন এই নায়ক।

রোববার (১৭ জুলাই) রাজধানী ঢাকার চিত্রা মহল সিনেমা হলে পরিদর্শনে যান সিনেমার নায়ক অনন্ত জলিল। সেখানে এক পাগল ভক্তের দেখা মিলে।

ওই ভক্ত সাংবাদিকদের বলেন, “ঈদের দিন থেকে এ পর্যন্ত ‘দিন দ্যা ডে’ সিনেমাটি অনন্ত ৩০-৩৫ বার দেখেছি। মধুপুর, মাধবী সিনেমা হলে দেখেছি প্রথমবার। হল মালিক আমাকে প্রশ্ন করেছেন, আমি বার বার একই সিনেমা দেখছি কেন? আমি বলেছি, আমার কাছে অনন্ত স্যারের সিনেমা ভালো লাগে।”

এতবার সিনেমা দেখার অর্থের ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, “আমার কাছে কোনো টাকা নেই। চাকরি করি না, বেকার। ছোট বোনের বিয়ের গয়না চুরি করে বিক্রি করে সেই টাকায় টাঙ্গাইল থেকে এসেছি এখানে। শুধু অনন্ত স্যারকে দেখার জন্য।”

এই ভক্ত বলেন, “তার (অনন্ত জলিল) জন্য আমি শরীরের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গ কেটে তার নাম লিখেছি। আমি পাগল—এমন কথাও বলেছে অনেকে। তার জন্য শুধু হাত না, তিনি চাইলে আমার জানও দিতে পারি। আর আমি কখনো ভাবিনি তার সঙ্গে আমার কখনো এভাবে দেখা হবে।”

উল্লেখ্য, ঈদে শতাধিক হলে মুক্তি পেয়েছে ‘দিন-দ্য ডে’। এই সিনেমায় অনন্তর নায়িকা তার স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ সিনেমায় আরো অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here