ঈদুল আজহা উপলক্ষে এবার প্রেক্ষাগৃহে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমা তিনটির মধ্যে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ সিনেমাটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সিনেমাটি ইরানের সাথে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। শুটিং হয়েছে বাংলাদেশ, ইরান, আফগানিস্তান ও তুরষ্কে।
সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন অনন্ত ও বর্ষা। এছাড়া লেবানন, ইরান ও তুরষ্কের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা সিনেমাটিতে রয়েছেন। সিনেমাটির বাজেট শত কোটি টাকা।
এদিকে মুক্তির প্রথম দিন থেকেই দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে সিনেমাটি। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহও নেহায়েত কম নয়।
গত শুক্রবার বিকালে ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে সরেজমিন দেখা যায়, দর্শকদের উপচেপড়া ভিড়। দীর্ঘলাইন ধরে দাঁড়িয়ে টিকিট কিনছেন দর্শকরা।
পরে টিকিট না পেয়ে অনেকে হতাশা ব্যক্ত করেন। আগত দর্শকরা বিদেশি ছবির শোয়ের সংখ্যা কমিয়ে ‘দিন: দ্য ডে’র শো বাড়ানোর দাবি জানান।
সেখানে অনন্ত জলিলের উপস্থিতিতেই মিছিল শুরু করে টিকিট না পেয়ে হতাশ দর্শকরা। তারা চিৎকার করে বলতে থাকেন— ‘টিকিট চাই’, ‘টিকিট নাই’।
এ সময় সিনেমা হলগেটে কর্তব্যরত কর্মকর্তারা ভিড় সামাল দিতে হিমশিম খান।
