এবার সয়াবিন তেলের দাম লিটারে কমলো ১৪ টাকা

আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাবে দেশেও বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ১৪ টাকা কমানো হয়েছে। এ নিয়ে গত এক মাসে দাম কমলো ২০ টাকা।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে দেয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজ দাম পুন:নির্ধারণ করা হয়েছে। ভোজ্য তেলের নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে ১৮৫ টাকায় বিক্রি হবে। রোববার পর্যন্ত বাজারে এই তেলের দাম ছিল ১৯৯ টাকা। আর ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা।

সয়াবিন তেলের পাশাপাশি পামতেলের দামও ৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে পামতেলের নির্ধারিত দাম ১৫৪ টাকা। সেটির নতুন দাম ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৬ জুন তেলের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *