অনন্ত-বর্ষার সিনেমা দেখতে ২২ বছর পর প্রেক্ষাগৃহে কাজী হায়াৎ

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। তিনি অনন্ত জলিল।

দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন এ চিত্রনায়ক। ঈদ উপলক্ষে (১০ জুলাই) মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে এসেছে রোমহর্ষক সব প্রেক্ষাপট। সিনেমাতে অনন্ত ছাড়াও আছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা।

এদিকে মুক্তির পর নানা কারণে আলোচনা-সমালোচনা হওয়া সিনেমাটি হলে গিয়ে দেখলেন দেশের খ্যাতিমান পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ।

দীর্ঘ ২২ বছর পর সম্প্রতি তিনি সিনেমা হলে সিনেমাটি উপভোগ করেছেন। সিনেমা দেখার পর এ কথা সংবাদমাধ্যমকে অভিনেতা নিজেই জানিয়েছেন।

কাজী হায়াৎ বলেন, আমি একজন দর্শক যে ২২ বছর পর প্রেক্ষাগৃহে সিনেমা দেখেছি। সিনেমা যে দেখার একটি বিষয়, দেখতে সুন্দর লাগলে দর্শকরা বসে দেখে আজকে (১৪ জুলাই, শুক্রবার) তার প্রমাণ পেলাম। অনেকদিন পর সিনেমা দেখে ভালো লাগল। লায়ন সিনেমা হলের মালিককে ধন্যবাদ- এত সুন্দর একটি প্রেক্ষাগৃহ দর্শকদের উপহার দেওয়ার জন্য। লাভের কথা চিন্তা না করে দর্শকদের জন্য সুন্দর একটি প্রেক্ষাগৃহ তৈরি করেছেন তিনি।

শতকোটি টাকায় নির্মিত সিনেমাটি অহেতুক নয় জানিয়ে তিনি আরও বলেন, সিনেমাটিতে ১০০ কোটি টাকা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। কোনো কিছুই অযুক্তিক ব্যবহার হয়নি। এ ধরনের সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার সুদিন ফিরবে। সিনেমা শিল্পের উন্নয়ন হবে। বসে দেখার মতো একটি সিনেমা হয়েছে। সিনেমাটি দেখতে আমি বিরক্তবোধ করিনি।

এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে সমালোচনা করে বলছেন, নিজে নির্মাতা হয়ে ২২ বছর প্রেক্ষাগৃহে যাননি, তাহলে সাধারণ মানুষকে কেন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে বলেন!

কাজী হায়াতের সমালোচনা করে ফেসবুক এক পোস্টে তরুণ নির্মাতা সাজ্জাদ খান লিখেছেন, সিনেমার মানুষ হয়ে তিনি ২২ বছর পর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলেন! সাধারণ মানুষ কেন হলে যাবে! অনেক রকম প্রশ্ন মাথায় ঘুরছে!

এই পোস্টে চলচ্চিত্র নির্মাতা বজলুর রশিদ চৌধুরী মন্তব্য করে লিখেন, কথাটা মিডিয়ার সামনে বলা উচিৎ হয়নি। কারণ, তিনি এখনও নিয়মিত পরিচালনায় জড়িত আছেন।

কাজী হায়াৎ পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। নন্দিত এই নির্মাতার ৫০তম সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন চিত্রনায়ক শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে তার নির্মাণাধীন রয়েছে ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘জয় বাংলা’। ক্যারিয়ারের ৫১তম সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও মডেল-অভিনেত্রী জাহারা মিতু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *