ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেন জাকিয়া বারী মম। নাচের জন্য জাতীয় পুরস্কার পান ছোটবেলাতেই। একপর্যায়ে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান তিনি। সবাইকে পেছনে ফেলে সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মম। এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প।
অভিনয় জীবনের প্রথম ছবি ‘দারুচিনি দ্বীপ’-এ অভিনয় করে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এরপর তারকাখ্যাতি নিয়ে নাটক-সিনেমায় অভিনয় করে শীর্ষস্থানীয় অভিনয় শিল্পীতে উপনীত হন তিনি। অভিনয়গুণে দর্শকের প্রশংসাও পেয়েছেন প্রত্যাশাতীত।
সফল এ অভিনেত্রীকে বর্তমানে নাটকের পাশাপাশি নিয়মিত ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে দেখা মিলছে। বর্তমানে তার হাতে রয়েছে খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা ৭ জন’, অন্যটি অনন্য মামুন পরিচালিত ‘রেডিও’।
দুটি সিনেমাই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে মমর ওটিটি প্লাটফর্মে ‘মহানগর’, ‘কন্ট্র্যাক্ট’, ‘রিফিউজি’ দারুণ প্রশংসিত হয়েছে।
এছাড়া সম্প্রতি ভিন্নধারার কাজ ‘কোহিনূর’-এ ময়লাওয়ালির চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন মম। এই সাফল্যের জয়যাত্রা অক্ষুণ্ন রাখতে চান এই অভিনেত্রী।
তিনি বলেন, ‘আমি বরাররই বেছে বেছে কাজ করছি। চেষ্টা থাকে প্রতিটি কাজেই ভিন্নতা রাখার। যে কারণে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা সবসময়ই পাচ্ছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
এছাড়া ইদানিং নাটকের চেয়ে ওটিটির কাজে বেশি মনোযোগী হওয়া প্রসঙ্গে মম আরও বলেন, ‘আমি তো নাটকে কাজ করেই লোকের কাছে পরিচিত হয়েছি। কিন্তু সব মাধ্যমে একটা সীমাবদ্ধতা থাকে। আমাদের টেলিভিশন নাটকে সীমাবদ্ধতা রয়েছে। টেলিভিশনের গণ্ডিটা এভাবেই চলবে, সে কারণেই ইদানিং নাটকে উপস্থিতি কমিয়ে দিয়েছি। একটা কথা বলতে চাই, গুড় যত বেশি, ততই মিঠা। এই গুড় মানে কিন্তু টাকা নয়।’
অন্যদিকে বিশেষ দিবসগুলোতে একাধিক নাটকে দেখা মেলে মমর। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও বেশ কয়েকটি নাটক প্রচার হবে তার। এছাড়া মম অভিনীত ‘সাহসিকা ২’ নামের একটি ফিচার ফিল্মও প্রচার হবে এই ঈদে।
