কলকাতার সিনেমায় প্রথমবারের মত অভিনয় করবেন বাংলাদেশের সিয়াম আহমেদ। সিনেমার নাম এখনো ঠিক হয়নি।
সায়ন্তন ঘোষাল পরিচালিত সিনেমায় প্রধান ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ, শ্রাবন্তী ও আয়ুষী। পারিবারিক গল্পের এই সিনেমায় সিয়াম আহমদের বিপরীতে থাকছেন আয়ুষী।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমার পুরো শুটিং হবে লন্ডনে। গল্পের প্রেক্ষাপটও লন্ডন। সিনেমাটি হবে সোশ্যাল ড্রামা, যেখানে প্রসেনজিৎ লন্ডনের একজন ব্যবসায়ী। তার স্ত্রীর চরিত্রে শ্রাবন্তী। দুজনের বয়সের একটা ব্যবধান রয়েছে।
সিনেমায় আয়ুষীকে কাজ করতে দেখা যাবে প্রসেনজিতের অফিসে। আয়ুষীর বিপরীতে থাকছেন সিয়াম। একটা সংকট এ চারজনকে এক জায়গায় নিয়ে আসে।
সিয়ামকে নেয়ার বিষয়ে সিনেমার প্রযোজক শ্যামসুন্দর দে ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়ামের এটাই প্রথম কাজ টলিউডে। সিয়াম বাংলাদেশের বাণিজ্যিক ছবিতে বড় নাম। আমাদের এখানে অভিনেতার অপশন কম।
‘নতুন মুখ প্রয়োজন। সেই কারণেই ওকে কাস্ট করা। আশা করি আমাদের এখানকার দর্শকেরও ওর কাজ ভালো লাগবে।’
এদিকে সিয়াম আহমেদ এই সিনেমা নিয়ে বলেন, ‘এই সিনেমাটির জন্য অনেকদিন ধরেই পরিকল্পনা চলছে। করোনার প্রথমদিক থেকে সিনেমার প্রযোজক শ্যামসুন্দর দে দাদার সঙ্গে গল্প নিয়ে, চরিত্র নিয়ে কথা হচ্ছিল। এটি পারিবারিক গল্পের একটা সিনেমা।
দুই জেনারেশনের গল্প। এই সিনেমায় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি কলকাতার সিনেমার সাইনবোর্ড। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছি, সেটাও উনার মতো শিল্পীর সঙ্গে। সবকিছু মিলিয়ে বেশ উৎসাহী আমি।’
