এবার স্পেনে পুরস্কার জিতলেন বাঁধন

মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের অর্জনের খাতায় যুক্ত হয়েছে আরও একটি প্রাপ্তি। এবার তিনি পুরস্কৃত হয়েছেন স্পেনে। সেখানকার ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হয়েছেন তিনি।

শনিবার (২ জুলাই) শেষ হয়েছে উৎসবটির এবারের আসর। সমাপনি দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এবার সেরা অভিনেত্রী হয়েছেন বাঁধন। এছাড়া উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবেও পুরস্কৃত হয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমা।

পুরস্কার প্রাপ্তির খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বাঁধন নিজেই। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘সিনেমা জোভ-এ আমরা দুটি পুরস্কার পেয়েছি। এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরি বোর্ড আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

রেহানা নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী। পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের জেরেমি চুয়া ও বাংলাদেশের এহসানুল হক বাবু।

সিনেমাটি ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে উৎসবে মনোনয়ন পেয়েছিল ‘রেহান মরিয়ম নূর’। যেটা ছিল বাংলাদেশের সিনেমা ইতিহাসে নতুন অধ্যায়। কান প্রিমিয়ারে প্রশংসাও পেয়েছিল সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *