সেতুর নাট-বল্টু খুলে নেওয়া ব্যক্তি খালেদা জিয়ার অনুসারী: নৌ প্রতিমন্ত্রী

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নেওয়া বায়েজিদ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অনুসারী বলে মন্তব্য করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।

বুধবার (২৯ জুন) সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘পদ্মা সেতু: সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘একজন নেত্রী বলেছিলেন, এই পদ্মা সেতুতে আপনারা কেউ উঠবেন না, এটা জোড়া তালি দেয়া। এই কথাটা প্রমাণ করার জন্য তার এক অনুসারীকে আপনারা দেখেছেন, পদ্মা সেতুর নাট বল্টু খুলে নিয়ে এসেছে। একদম অদূরদর্শী নেতৃত্ব যখন দেশের মধ্যে থাকে তখন এমন ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘যে নাট-বল্টু খোলা হয়েছে সেটা পদ্মা সেতুর অলংকার। পদ্মার নাট-বল্টু খুলে সে ছিনতাইকারীর মতো কাজ করেছে। অলংকার খুলে পদ্মা সেতু সৌন্দর্যকে ব্যাহত করা যাবে না।’

পদ্মা সেতুর কারণে আমরা বিশ্বে আজ সম্মানিত জাতি উল্লেখ করে তিনি বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশের কপালে কলঙ্কের তিলক লাগিয়ে দেয়া হলো। যে ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। পরবর্তীতে তার সঙ্গে খালেদা জিয়া ছিলেন। সমগ্র পৃথিবী ভাবল বাংলাদেশ একটি দুর্নীতিবাজ দেশ। সমগ্র পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দেয়া হলো যে এখানে বিনিয়োগ করলে দুর্নীতি হয়। এখানে কোনো সুশাসন নেই। এর মধ্য দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল।’

তিনি বলেন, ‘কিন্তু পদ্মা সেতুর কারণে আমরা সমগ্র পৃথিবীতে এখন আবার সম্মানিত জাতি। এজন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *